যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্স’র করা ২০২৩ সালের প্রথম সংস্করণের শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের তুলনায় উন্নতি ঘটেছে বাংলাদেশের। গত বছর শক্তিশালী পাসপোর্টের এই সূচকে বাংলাদেশ যৌথভাবে ১০৪তম অবস্থানে থাকলেও এবারে তিন ধাপ উন্নতি ঘটেছে। মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক এই পরামর্শক প্রতিষ্ঠান।
হ্যানলির পাসপোর্ট সূচকের সর্বশেষ সংস্করণে কিছু দেশের পাসপোর্ট একই অবস্থানে রয়েছে এবং মোট ১০৯টি স্থান নির্ধারণ করা হয়েছে। এবারের সূচকে বাংলাদেশের সাথে যৌথভাবে ১০১তম স্থানে রয়েছে লিবিয়া এবং কসোভো। এর আগে, ২০২২ সালের সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০৪তম।
তবে আশ্চর্যের বিষয় হল পশ্চিমা নিষেধাজ্ঞায় ব্যাপক বিপর্যস্ত ইরান, অর্থনৈতিকভাবে বিধ্বস্ত লেবানন ও শ্রীলঙ্কা এবং সংঘাতে জর্জরিত সুদানের পাসপোর্ট বাংলাদেশের তুলনায় ভালো অবস্থানে রয়েছে। এই সূচকে ইরান ৯৯তম, লেবানন, কঙ্গো, শ্রীলঙ্কা ও সুদান যৌথভাবে ১০০তম স্থানে রয়েছে।
হ্যানলি পাসপোর্ট সূচক-২০২৩ অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। অনলাইন ডেস্ক

Leave a Reply