ঘড়িতে সময় সকাল ৮ টা। বন্ধ রয়েছে হাসপাতালের কর্মরত সকল চিকিৎসকের রুম। দেখা মেলেনি কোন কর্মকর্তা ও বহির্বিভাগের সেবাপ্রদানকারী কোন চিকিৎসকদের। এটা শুধু আজকের ঘটনা নয়, এটি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নিত্যদিনের চিত্র।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় হাসপাতালটিতে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। নিয়ম অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বহির্বিভাগে চিকিৎসাসেবা দেয়ার কথা থাকলেও অনেকে আসছেন সাড়ে ৮টা পর থেকে সাড়ে ৯টা দিকে। তবে ধারাবাহিক ভাবেই খোলা রয়েছে ইমারজেন্সি ও প্যাথলজি বিভাগ। ইমারজেন্সি বিভাগে দেয়া হচ্ছে নিয়মিত চিকিৎসা সেবা এবং পরামর্শ।
অপরদিকে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান আজাদ সকাল ৮.২৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করার পর একে একে খোলা হয় বহির্বিভাগের চিকিৎসদের রুম। রুম খোলার পর দুই-একজন ডাক্তার আসলেও অধিকাংশ ডাক্তার আসেন সাড়ে ৮টার পর থেকে সাড়ে ৯টার মধ্যে। সময়মত না আসায় বহির্বিভাগের পাশে ডাক্তারের অপেক্ষায় রয়েছেন সেবা নিত আসা রোগী ও তার স্বজনরা।
কুতুবপুর থেকে আসা এক রোগী ও তার স্বজনরা বলেন- প্রায় ৪০ মিনিট ধরে ডাক্তারের জন্য অপেক্ষা করছি। এখনো কোন ডাক্তার আসে নাই। কখন আসবে কেউ বলতেও পারছে না। শুধু বলছেন আসবে। এখন আমাদের বসে থাকা ছাড়া কিছুই করার নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন- ডাক্তার সাহেব আমাকে ৫ টি ওষুধ লিখে দিয়েছেন কিন্তু দুটো ওষুধ হাসপাতাল থেকে দিয়েছে। বাকি তিনটি ওষুধ বাহির থেকে কিনতে হবে। ওষুধ যদি বাইরে থেকে কিনতে হয় তাহলে হাসপাতাল কিসের জন্য?
হাসপাতালে ভর্তিকৃত এক রোগী বলেন- আমি এই হাসপাতালে ১ তারিখে ভর্তি হয়েছি। অথচ এই পর্যন্ত তিনবার ডাক্তার এসেছে। আর হাসপাতাল থেকে ওষুধ যা দেয় তার চেয়ে অনেক বেশি বাহির থেকে কিনে আনতে হয়।
এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান আজাদ।


Leave a Reply