লালমনিরহাট, ৩ আগস্ট ২০২৬: আগামী ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত সারাদেশের ন্যায় লালমনিরহাটেও উদযাপিত হবে তিন দিনব্যাপী ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’। এ উপলক্ষে সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহঃ রাশেদুল হক প্রধান। সভায় জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সারোয়ার জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ আগস্ট বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, সফল মৎস্য চাষিদের পুরস্কার প্রদান এবং পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচির উদ্বোধন করা হবে।
১৭ আগস্ট টেকসই মৎস্য উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হবে। ১৮ আগস্ট রচনা, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটবে।
জেলা প্রশাসন, লালমনিরহাট সকল কর্মসূচিতে সংশ্লিষ্ট দপ্তর, মৎস্যচাষি, শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছে।

Leave a Reply