লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ৫০ বোতল ইস্কাপ সিরাপ এবং ৩টি গরু জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বুধবার (২৯ জুলাই) ১৫ বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চলমান মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বালারহাট ও দিঘলটারী বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ জুলাই রাত ৩টা ২০ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বালাটারী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে ধাওয়া করলে তিনি সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
একই দিন সকাল ৮টা ৩০ মিনিটে দিঘলটারী বিওপির আওতাধীন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দিঘলটারী এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা গরু ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়।
১৫ বিজিবির অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ৫০ বোতল ইস্কাপ সিরাপের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা এবং ৩টি গরুর মূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের সব ধরনের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply