সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং তার রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায়। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বন্দি চুক্তি অনুসারে অন্তর্বর্তী সরকারের সময় ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারকে।
তিনি আরও বলেন, আমরা তো তাকে ফেরত চাই এবং চাই বিচারের মুখোমুখি হোক। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে যেহেতু তিনি (শেখ হাসিনা) সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কি না, সেটা আইনজ্ঞরা বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশে ওয়ারেন্টভুক্ত আসামিদের ফেরত আনতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি। শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন,
সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি মহল।
এছাড়াও চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Leave a Reply