লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ি এলাকায় ধরলা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার (১২ জুলাই ২০২৬) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রশাসনের নজর এড়িয়ে ধরলা নদীর ওই অংশ থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তনের পাশাপাশি তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি সৃষ্টি হওয়ায় জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে।
অভিযান চলাকালে মোবাইল কোর্টের উপস্থিতির খবর পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বালু উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পলাতক ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

Leave a Reply