পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায়কে একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের একাধিক ইউপি সদস্য।
তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কোনো ধরনের টাকা লেনদেনের দৃশ্য বা প্রমাণ নেই। বরং একজন সরকারি কর্মকর্তার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই ভিডিওটি প্রচার করা হয়েছে।
সম্প্রতি দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওটিতে একজন ব্যক্তিকে টাকা গুনতে দেখা গেলেও সেই টাকা পিআইও বাবুল চন্দ্র রায়ের কাছে হস্তান্তর করা হয়েছে এমন কোনো দৃশ্য দেখা যায়নি বলে দাবি করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
দেবীগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যরা জানান, বাবুল চন্দ্র রায় প্রায় ছয় মাস আগে দেবীগঞ্জ উপজেলায় যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরাসরি তদারকি করে আসছেন।
প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে তিনি নিজে উপস্থিত থেকে কাজের পরিমাপ ও যাচাই-বাছাই করেন। কাজ সন্তোষজনক না হলে বিল ছাড় না দেওয়ার বিষয়েও তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছেন বলে দাবি তাদের।
দেবীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি আমি দেখেছি। সেখানে একজন ব্যক্তিকে টাকা গুনতে দেখা গেলেও পিআইও বাবুল চন্দ্র রায়ের হাতে টাকা দেওয়া হয়েছে
এমন কোনো দৃশ্য নেই। আমার ধারণা, কাউকে বিব্রত করতে বা ফাঁসাতে পরিকল্পিতভাবে ভিডিওটি ধারণ ও প্রচার করা হয়েছে। আমি নিজে বিভিন্ন প্রকল্পের কাজ করেছি, কিন্তু কোনো সময় পিআইও আমার কাছে কোনো ধরনের অর্থ দাবি করেননি।
৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ভরত চন্দ্র রায় বলেন, “আমি যেসব প্রকল্প বাস্তবায়ন করেছি, সেগুলোর কাজ শতভাগ সম্পন্ন করেছি। প্রকল্পের কোনো পর্যায়ে পিআইও আমার কাছে টাকা চাননি। ভিডিওতে টাকা গোনার দৃশ্য দেখা গেলেও পিআইওকে টাকা গ্রহণ করতে দেখা যায়নি। তাই শুধু ভিডিওর ভিত্তিতে অভিযোগ করা সঠিক হবে না।
১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন বলেন, “আমরা ভিডিওটি দেখেছি, তবে সেখানে টাকা লেনদেনের বিষয়টি স্পষ্ট নয়। প্রকল্প সংক্রান্ত কিছু প্রশাসনিক ব্যয় যেমন স্টেটমেন্ট,
প্লেট ও স্ট্যাম্প বাবদ খরচ হয়ে থাকে। কিন্তু ভিডিও দেখে পিআইওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয় না। আমার ব্যক্তিগত মতামত হলো, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে।
স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে তা যথাযথ তদন্তের মাধ্যমে যাচাই করা উচিত। শুধুমাত্র একটি অসম্পূর্ণ ভিডিওর ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয় বলেও তারা মত দেন।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল চন্দ্র রায় বলেন, “যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেখানে কোনো টাকা লেনদেন হয়নি।
আমি ক্যালকুলেটরে ভ্যাট ও ট্যাক্সের হিসাব করছিলাম। কারও কাছ থেকে কোনো অর্থ গ্রহণ করিনি। যদি কেউ দাবি করে আমি টাকা নিয়েছি, তাহলে তার প্রমাণ দিতে হবে। আমার বিশ্বাস, আমাকে হেয়প্রতিপন্ন ও ফাঁসানোর উদ্দেশ্যেই ভিডিওটি প্রচার করা হয়েছে।
তিনি আরও বলেন,
আমি দায়িত্ব পালনের ক্ষেত্রে সব সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করেছি। প্রকল্পের কাজের মান নিয়ে আমি কখনো আপস করিনি। এ কারণে কিছু অসন্তুষ্ট ব্যক্তি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারে।
ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও অনেকেই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রকৃত ঘটনা উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তই হতে পারে সবচেয়ে গ্রহণযোগ্য উপায়। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই হলে একদিকে যেমন অভিযোগের বাস্তবতা সামনে আসবে, অন্যদিকে কোনো ব্যক্তি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকলে তাও স্পষ্ট হবে।

Leave a Reply