টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও এলাকায় বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টির দায়ে ফিরোজ (২১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ জুন) দুপুরে অভিযান চালিয়ে এ দণ্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান। দণ্ডপ্রাপ্ত ফিরোজ উপজেলার রাউৎবাড়ী গ্রামের রূপচাঁন শেখের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আসছিলেন ফিরোজ। বুধবার দুপুরে পুলিশ তাকে গাঁজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান জানান, মাদক সেবন ও মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ফিরোজ নামে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply