দেশে কোভিড-১৯ এর নতুন উপ-ধরন বিএফ.৭ শনাক্ত হয়েছে। রবিবার (১ জানুয়ারি) দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানানা, দেশে আসা ও কোয়ারেন্টিনে থাকা চীনা এক নাগরিকের নমুনায় কোভিড-১৯ এর নতুন উপধরণ বিএফ পয়েন্ট ৭ শনাক্ত হয়েছে। তার নমুনার জিনোম সিকোয়েন্স করে তা চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, মহাখালীর ডিএনসিসি হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা চার চীনা নাগরিকের নমুনার জিনোম সিকোয়েন্স করে একজনের শরীরে বিএফ-৭ শনাক্ত হয়েছে। বাকি তিনজনের মধ্যে দুই জনের ওমিক্রন বিএ ৫.২ উপধরণ এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরণ শনাক্ত হয়েছে।
গত ২৬ ডিসেম্বর চীন থেকে আসা একটি ফ্লাইটের চার যাত্রীকে কোভিড-১৯ আক্রান্ত সন্দেহে আইসোলেশনে পাঠানো হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য স্ক্রিনিংয়ের সময় কোভিড-১৯ লক্ষণযুক্ত মনে হওয়ায় তাদের অ্যান্টিজেন টেস্ট করা হয়। সেখানে তাদের পজিটিভ রিপোর্ট এলে মহাখালী ডিএনসিসি হাসপাতালে আইসোলেশনে পাঠায় বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ।
ওই সময় বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, চার যাত্রীর মুখমণ্ডল লাল ছিল। পরে তাদের অ্যান্টিজেন টেস্ট করা হলে সেখানে পজিটিভ রিপোর্ট আসে। এ কারণে এই চার চীনা নাগরিককে আইসোলেশনে পাঠানো হয়। তারা চীন থেকে আরটিপিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়েই এসেছিলেন। তারপরও তাদের লক্ষণ দেখে সন্দেহ হওয়ায় অ্যান্টিজেন টেস্ট করা হয়।
নতুন উপধরনটি অনেক বেশি সংক্রামক। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বিএফ.৭ উপধরনে আক্রান্ত একজন ব্যক্তির থেকে ১৮ জন সংক্রমিত হতে পারে। অনলাইন ডেস্ক

Leave a Reply