টাঙ্গাইলের ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক প্রবাসী নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে। রবিবার (৩১ মে) দুপুরে ভূঞাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন নতুন বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে তারাকান্দীগামী ভাই ভাই এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৩৩০) নতুন বাইপাস সড়কে বামনহাটা-ভূঞাপুর ক্রসিং অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা একজন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় মোটরসাইকেলের অপর একজন গুরুতর আহত হয়। এ ঘটনায় বাসটি আটক করলেও বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।
নিহত সুরুজ্জামান আকন্দ (৪৭) উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে। তিনি সম্প্রতি পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রবাস থেকে দেশে ফিরেছে।
আহত আলম আকন্দ (৩০) একই গ্রামের মোকাদ্দেস আকন্দের ছেলে। তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান- মোটরসাইকেলটি ক্রসিং পার হওয়ার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজন বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এদিকে নতুন বাইপাস সড়কের ভূঞাপুর তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের টেঁপিবাড়ি নামক স্থানে আরেকটি দূর্ঘটনায় ৫ জন আহত হয়।
এদের মধ্যে দুই জন ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অপর তিনজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজে প্রেরন করেছে স্থানীয়রা।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান জানান- মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Leave a Reply