এসো মিলি প্রাণের স্পন্দনে, ২৫ বছরের গৌরবের বন্ধনে এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০১ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব উদযাপিত হয়েছে।
শনিবার (৩০ মে) সারাদিন ব্যাপী গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে অত্র বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রজত জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন- গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ জামিল মিন্টু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক,
অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুর রহমান, আল আমিন মন্ডল, শ্যামল কর্মকার, মোঃ আব্দুস সালাম বিএসসি, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আলহাজ্ব মোঃ শহীদুল ইসলাম, আব্দুল লতিফ তালুকদার, মোঃ হারুন অর রশিদ প্রমুখ।
অনুষ্ঠানে দীর্ঘ ২৫ বছর পর বন্ধুদের পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠে স্কুলের ২০০১ এর ব্যাচের শিক্ষার্থীরা। একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করেন। সহপাঠীদেরকে কাছে পেয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
স্কুল জীবনের পুরোনো দিনের স্মৃতি মনে করে আড্ডায় মিলিত হন। যার যার মতো করে সবার সঙ্গে স্মৃতি চারণ করেন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের চেহারা চেনা চেনা লাগলেও পরিচয় জেনেই নিশ্চিত হন তিনিই স্কুল সেই বন্ধু।
এভাবে পুরো অনুষ্ঠান যেন এক মিলন মেলায় পরিণত হয়। যেখানে এই সাবেক শিক্ষার্থীরা শৈশবের উৎসবে মেতে ওঠে।
স্মৃতি চারণ করতে গিয়ে ভবিষ্যতে সব বন্ধু মিলে আর্থিক ভাবে পিছিয়ে পড়া বন্ধুদের সহায়তা, মেধাবী সন্তানদের পড়াশোনায় সহায়তা,
বন্ধুদের যেকোনো বিপদে ও আনন্দে পাশে থাকা এবং স্কুলের মেধাবী ও গরীব শিক্ষার্থীদের সহযোগিতার কথাও বলেন তারা।
অনুষ্ঠানে এসএসসি ২০০১ ব্যাচের শতাধিক সদস্য তাদের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন- কণ্ঠশিল্পী ঝুমুর সিদ্দিকী, মির্জা নিশাত, লালন সিদ্দিকী ও কথা সহ ২০০১ ব্যাচের বন্ধু বান্ধব ও তাদের সন্তানরা।


Leave a Reply