টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুকুরে কামড়ানো রোগীদের জলাতঙ্কের ভ্যাকসিন (র্যাবিক্স) দেওয়া হবে না বলে সরাসরি ঘোষণা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে রোগীদের টাঙ্গাইল গিয়ে ভ্যাকসিন নিতে হবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান আজাদের উপস্থিতিতে তার কার্যালয়ে স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু এ ঘোষণা দেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।
এ ঘোষণা এমন এক সময় এলো, যখন এর আগের দিন বুধবার (১৩ মে) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাস বয়সী শিশু ফাতিহাকে নিয়মিত টিকার পরিবর্তে ভুলবশত দুই ডোজ জলাতঙ্কের র্যাবিক্স ভ্যাকসিন প্রয়োগের অভিযোগ ওঠে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
অভিযোগের রেশ কাটতে না কাটতেই পরদিন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলামের এমন ঘোষণা নতুন করে জনমনে উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয়দের প্রশ্ন, একটি গুরুতর ভুলের ঘটনার পর দায় নিরূপণ ও ব্যবস্থা গ্রহণের পরিবর্তে কেন সাধারণ রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হলো।
এ ঘটনায় ভূঞাপুরে তোলপাড় সৃষ্টি হয়েছে। সচেতন মহল দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্যসেবা স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান আজাদ বলেন- হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন দেয়া হবে না, এরকম ঘোষণার কথা আমি শুনিনি।
এরকম ঘোষণা তিনি কি দিতে পারে? আমাদের হাসপাতালে সব ধরনের ভ্যাকসিন ও সব ধরনের টিকা চালু আছে। তিনি আরো বলেন- এবিষয়ে আদালতে রিট আবেদন করা হয়েছে। মহামান্য আদালত যে রায় দেন সেই অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply