মালয়েশিয়ার পেনাংয়ের কুলিমে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদান বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পেনাং, কেডাহ, পেরাকসহ আশপাশের এলাকার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, “আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
কোনো প্রকার চাপ বা প্রভাবের কাছে আমরা নতি স্বীকার করবো না।” তিনি জানান, রোজার আগেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি তথ্যপ্রযুক্তি-নির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে।

এর আওতায় অনলাইনে নিবন্ধন ও মোবাইল অ্যাপের মাধ্যমে আবেদন করে প্রবাসীরা ভোটার হবেন। পরবর্তীতে ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে, যা ভোট প্রদানের পর নির্ধারিত খামে ফিরিয়ে দিতে হবে। ভোট কোথায় যাচ্ছে, সেটিও অনলাইনে ট্র্যাক করা যাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা। তিনি প্রবাসীদের ভোটাধিকার প্রক্রিয়ায় সহযোগিতা করতে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “হাইকমিশন ইসি’র নির্দেশনা অনুযায়ী প্রচারণা ও সহায়তা অব্যাহত রাখবে।”
পরে নির্বাচন কমিশনার প্রবাসীদের মাঝে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করেন এবং সাংবাদিক ও উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সভায় প্রবাসী কমিউনিটির প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে প্রবাসীদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

Leave a Reply