নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের বাতাসী গ্রামে গ্রাম্য শালিসে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। স্ত্রীর কথিত ‘অপরাধের’ দায়ে স্বামীকে প্রকাশ্যে জুতাপেটা করা হয়। এ শালিসে নেতৃত্ব দেন স্থানীয়ভাবে বিতর্কিত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা শহীদ খাঁন।
জানা গেছে, এক নারীর আচরণ নিয়ে সম্প্রতি স্থানীয় মহলে বিতর্ক তৈরি হলে বিষয়টি নিয়ে শালিস বসে। কিন্তু আশ্চর্যের বিষয়, নারীকে না ডেকে তার স্বামীকে ডাকা হয় শালিসে।

সেখানে তাকে অপমানজনকভাবে মারধর করা হয় এবং পরিবারের সবাইকে গ্রাম ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এমনকি জমি ও বাড়ি বিক্রি করে অন্য জেলায় চলে যাওয়ারও ‘ফরমান’ জারি করা হয়।
স্থানীয়রা জানান, শহীদ খাঁন একাধিকবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হলেও এলাকায় এখনো প্রভাব বিস্তার করে চলেছেন। তার বিরুদ্ধে আগেও স্বেচ্ছাচারিতার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রশাসনের কোনো হস্তক্ষেপ এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “বিষয়টি আমরা শুনেছি, খতিয়ে দেখা হচ্ছে।”

Leave a Reply