যশোর জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে ৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় খোকন সম্পাদক
শহিদ জয়, যশোর অফিস :
আগামী ২২ ফেব্রুয়ারি যশোর জেলা বিএনপির সম্মেলন। নতুন নেতৃত্ব বেছে নিতে এ দিন অনুষ্ঠিত হবে নির্বাচন। ইতমধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে ৮জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রতিদ্বন্দ্বী না থাকায় সাধারণ সম্পাদক পদে বিজয়ী হচ্ছেন বিএনপির তৃণমূলের জনপ্রিয় নেতা দেলোয়ার হোসেন খোকন।
যশোর জেলা বিএনপির কাউন্সিল ২০২৫ উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। একই দিন নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকাও প্রকাশ করে। তফসিল অনুযায়ী গত ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হয়। একই দিন সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। গত ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রয়, বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। এদিন বেলা ২টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকেল ৪টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এবং ২২ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যশোর মুন্সী মেহেরুল্লাহ ময়দানের আলমগীর সিদ্দিকী হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে ঘোষিত প্রার্থী তালিকা অনুসারে সভাপতি পদে দলের সাবেক যুগ্ম সম্পাদক ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, দলের সবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু ও যশোর পৌর সভার সাবেক মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুল ইসলাম মারুফ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাধারণ সম্পাদক পদে দলের সাবেক যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদকের ৩ টি পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । এরা হচ্ছেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য পদত্যাগী সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম ও সাবেক ছাত্রনেতা শহিদুল বারী রবু।
নির্বাচন কমিশনের আহ্বায়ক এ্যাড. মো. ইসহক জানান, জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির ১৬ টি সাংগঠনিক ইউনিটের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটির মোট এক হাজার ছয়শ’১৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদানের মাধ্যমে আগামী ২ বছরের জন্য তাদের নেতা নির্বাচন করবেন। তবে ইতমধ্যে সাধারণ সম্পাদক পদে এক প্রার্থী হওয়ায় দেলোয়ার হোসেন খোকনের বিজয় সুনিশ্চিত। শুধু ঘোষণার অপেক্ষা মাত্র। ২২ ফেব্রুয়ারি তারা শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে পারবেন বলে আশাবাদী।
যশোরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, হেলপার নিহত
যশোর প্রতিনিধি
যশোরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৪৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নওগা জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর খুলনা মহাসড়কের নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সামনে স্কেলে একটি ট্রাক দাঁড়িয়ে ছিলো। সকাল ৭টার দিকে নওগাঁ থেকে খুলনাগামী একটি বিছালী বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট ১৬৩৬৯০) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে বিছালী বোঝাই ট্রাকটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। দুঘর্টনার পর চালক পালিয়ে যায়। তবে ট্রাকের হেলপার আলমগীর হোসেন মারাত্মক আহত হয়। এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় তাকে খুলনা ২৫০শয্যা হাসপাতালে রেফার করা হয়।সেখানে পৌঁছানোর পর তার মৃত্যু হয়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান হেলপারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বাড়ী নওগা জেলায়। ধারণা করা হচ্ছে ঘুম চোখে গাড়ী চালানোর কারণে এই দূর্ঘটনা ঘটেছে।
২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে জমজমাট গদখালীর ফুল বাজার, দাম পেয়ে খুশি চাষীরা চলতি মৌসুমে দেড়শ কোটি টাকার ফুল বিক্রির দাবি চাষী ও ব্যবসায়ী নেতাদের
যশোর প্রতিনিধি
২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে মৌসুমের শেষ বাজারে ফুলের ভালো দাম পেয়েছেন যশোরের গদখালীর ফুল চাষীরা। আজ গাঁদা, গ্লাডিওলাসসহ বিভিন্ন ফুল বাড়তি দামে বিক্রি করতে পেরে খুশি তারা। চাষীদের দাবি সারা বছরের হিসেবে বেশ লাভেই আছেন তারা। চাষী ও ব্যবসায়ী নেতাদের দাবি পুরো মৌসুমে অন্তত দেড়শ কোটি টাকার ফুল বিক্রি করতে পেরেছেন তারা।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সামনে রেখে আজ জমে উঠেছে যশোরের গদখালীর ফুলের বাজার। মৌসুমের শেষ উৎসবের শেষ মুহূর্তের বেচাকেনায় চরম ব্যস্ততা গেছে চাষীদের। আজকের বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলিতে ব্যবহৃত গাঁদা, গ্লাডিওলাস, রজনিগন্ধা, জিপসি ও কামিনী পাতা।
ফুলের রাজধানী যশোরের গদখালীর ফুল চাষীরা মূলত বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বসন্ত, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে সারাবছরের বেচাকেনা করে থাকেন। মৌসুমের শেষ উৎসবের বেচাকেনা আজ শেষ করছেন তারা। আজসহ গত তিনদিন ধরে ফুলের উর্ধ্বমুখী দাম পেয়ে খুশি চাষীরা। তাদের দাবি দুই সপ্তাহ আগে যে গ্লাডিওলাস পানির দামে বিক্রি করছিলেন তা এখন ৮ থেকে ১৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। প্রতিহাজার ৩০০ টাকা মূল্যের গাঁদা ফুল বিক্রি হচ্ছে ৮শ’ থেকে ১৩শ’ টাকা দামে, জিপসি ও কামিনি পাতা প্রতি মুঠো ২০ টাকা, জারবেরা ৭/৮ টাকা, চন্দ্রমল্লিকা ২/৩ টাকা। তবে দাম নিম্নমুখী থাকায় মুখে হাসি নেই গোলাপ চাষীদের মুখে। চাষীদের দাবি তারপরও সারা বছরের হিসেবে বেশ লাভেই আছেন তারা।
ফুল চাষী আব্দুস সামাদ জানান,২১ ফেব্রুয়ারি বাজার ভালো যাওয়ায় আমরা খুশি। আজ গাঁদা ফুল সর্বোচ্চ ১৩শ’ টাকা হাজার বিক্রি করেছি। গত তিনদিন ধরে গাঁদা, গ্লাডিওলাসের দাম ভিলো যাচ্ছে।
শুকুর আলী নামে অপর এক চাষী বলেন,আমি ৮ কাটা জমিতে গাঁদা ফুলের চাষ করেছি। উৎপাদন খরচ হয়েছে ৫হাজার টাকা। ইতিমধ্যে ৬০ হাজার টাকার ফুল বিক্রি করেছি। এছাড়া এক বিঘা গোলাপ চাষ ছিলো। এবছর কাঙ্খিত দাম না পেলেও খরচ উঠে লাভে আছি।
জালাল উদ্দিন নামে এক চাষী বলেন, এবছর এক বিঘা জমিতে গ্লাডিওলাস চাষ করেছিলাম। শীতের মধ্যে হঠাৎ গরম পড়ায় প্রচুর ফুল ফুটে যিয়। যে কারণে শুরুতে এ ফুল পানির দরে বিক্রি করতে হয়েছে। তবে ২১ ফেব্রুয়ারির বাজারে দাম ঊর্ধ্বমুখী হয়েছে। গত তিনদিন ধরে এ ফুল কালার ভেদে ৮ থেকে ১৫/১৬ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। আজও ৮ থেকে ১২ টাকা দরে বিক্রি হচ্ছে।
তিনি আরো বলেন, এর বাইরে জিপসি ফুল ও কামিনী পাতার ভালো দাম পেয়েছি। সারা বছরের হিসাব মিলালে লাভে থাকবো।
রিপন আলী নামে এক চাষী বলেন,আমার দুই বিঘা গোলাপের চাষ রয়েছে। এমৌসুমে অ্যাভারেজ দাম পেয়েছি। বসন্ত ও ভালোবাসা দিবসে গত বছর যে ফুল ২৫টাকা পিস বিক্রি করেছি তা এ বছর ১০/১২ টাকায় বিক্রি হয়েছে। ২১ ফেব্রুয়ারি বাজারে তা নেমে ৩/৪ টাকায় এসেছে। তারপরও সারা বছরের হিসেবে লোকসান হবে না।
মঞ্জুর হোসেন নামে অপর এক চাষী বলেন,আমরা মূলত উৎসব কেন্দ্রিক ব্যবসা করি। আজ শেষ উৎসবের শেষ বাজার। ভালো দাম পেয়েছি। এ বছর ৮ বিঘা জমিতে জারবেরা, গোলাপ, গাদা, চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুলের চাষ করেছি। সব মিলিয়ে ১০ লক্ষাধিক টাকার ফুল বিক্রি করেছি।খরচ বাদ ৬ লাখ টাকা লাভ হবে।
এদিকে গদখালী ফুল চাষী ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর বলেন,২১ফেব্রুয়ারির বাজারে চাহিদামত দাম পেয়েছেন ফুল চাষীরা। গত তিনদিন ধরেই বাজার চড়া। আশানুরূপ দাম পাওয়ায় চাষীরা খুশি।
তিনি আরো বলেন, আমাদের উৎসব কেন্দ্রিক ফুল ব্যববসার মৌসুম শেষ হচ্ছে। গত ডিসেম্বর থেকে অদ্যাবধি পুরো মৌসুমে অন্তত দেড়শ কোটি টাকার ফুল বিক্রি করেছন চাষীরা। তবে এটা গত মৌসুমের তুলনায় কম। তারপরও চাষীরা লাভেই থাকবেন বলে আশাবাদী।
কৃষি বিভাগের তথ্য মতে, যশোরের প্রায় ৬শ’ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ১৩ ধরণের ফুলের চাষ হয়। এবং এ ব্যবসার সাথে প্রত্যক্ষ-পরোক্ষভাবে লক্ষাধিক লোক জড়িত।
বেনাপোলে তিন লাইট, এক ফ্যানের বিদ্যুৎ বিল লাখ টাকা
যশোর প্রতিনিধি
বেনাপোলের শিকড়ী গ্রামে তিনটি লাইট ও একটি সিলিং ফ্যান চালিয়ে আমিনুল হক আনু নামের এক ব্যক্তির এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৯৮ হাজার ৮৭৫ টাকা। মঙ্গলবার তিনি বিলের কপিটি হাতে পেয়েছেন।
অস্বাভাবিক বিদ্যুৎ বিলের গ্রাহক আমিনুল হক আনু বেনাপোল পোর্ট থানার শিকড়ী গ্রামের আয়নাল হকের ছেলে।
মিটারটি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বেনাপোল আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত।গত পাঁচ বছর ধরে তার ১২০০ থেকে ১৪০০ টাকা বিদ্যুৎ বিল আসতো। ডিসেম্বর-২০২৪ মাসে সর্বমোট প্রদেয় বিল আসে ১৩৩৪ টাকা। অথচ সর্বশেষ জানুয়ারি-২০২৫ মাসে বিলের কপিতে দেখা যায়, সর্বমোট প্রদেয় বিল করা হয়েছে ৯৮ হাজার ৮৭৫ টাকা।
এবিষয়ে আমিনুল হক আনু জানান,তার শিকড়ীর বাড়িতে ২০ ওয়াটের তিনটি লাইট ও সর্বোচ্চ ৭০ থেকে ৭৫ওয়াটের একটি সিলিং ফ্যান চালান। এগুলোর বিল গত ডিসেম্বর মাসে বিল এসেছিল ১৩৩৪ টাকা, চলতি মাসের বিদ্যুৎ বিলের কাগজে এত বেশি টাকা বিল দেখে বিস্মিত এবং হতাশ আনু।
তিনি জানান,পল্লী বিদ্যুৎ অফিসের কারসাজিতে এত বেশি টাকা বিল এসেছে। গত পাঁচ বছরেও কোনো বকেয়া নেই। আমি প্রতিমাসে বিল প্রতিশোধ করে থাকি। আমি এই বিপদ কীভাবে সামলাবো।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর বেনাপোল আঞ্চলিক কার্যালয়ের লাইন কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন,বিলের কাগজ নিয়ে ওই গ্রাহক অফিসে এলে বিষয়টি দেখব।





Leave a Reply