নড়াইল সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামে স্বামীকে মাদকসেবনে বাঁধা দেয়ায় স্ত্রীর ওপর নির্মম নির্যাতনের ঘটনায় চিকিৎসাধীন গৃহবধূ কাজী সুমাইয়া ইসলাম ২৭দিন পর বুধবার (১২ অক্টোবর) দুপুরে নড়াইল সদর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
নির্যাতনের ঘটনা উল্লেখ করে নির্যাতিতা কাজী সুমাইয়া ইসলামের পিতা কাজী নজরুল ইসলাম বাদি হয়ে ১৬ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় একটি মামলা করেন। সে মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য সুমাইয়ার শ্বশুরবাড়ির লোকজনসহ অন্যান্যরা বিভিন্ন সময়ে হুমকি দিয়েছেন। ফলে ভয় ও আতঙ্কে আছেন ভুক্তভোগী পরিবার।

সুমাইয়ার পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১১ মাস আগে নড়াইল সদরের পলইডাঙ্গা গ্রামের মনসুর খানের ছেলে আশিক খানের সঙ্গে লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের কাজী নজরুল ইসলাম বাদশার মেয়ে কাজী সুমাইয়া ইসলামের বিয়ে হয়। বিয়ের পর সুমাইয়া জানতে পারেন তার স্বামী মাদকাসক্ত। সংসারে সুখের কথা বিবেচনায় স্বামীর মাদকাসক্তের বিষয়টি গোপন রাখলেও পরে তা জানাজানি হয়ে যায়। স্বামীকে মাদক থেকে দুরে রাখার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হন সুমাইয়া।
এ কারণে প্রায়ই সুমাইয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে হতো। এরই জের ধরে গত ১৫ সেপ্টেম্বর বিকেলে স্বামী আশিকসহ শ্বশুর-শাশুড়ি ও ননদ গৃহবধূ সুমাইয়াকে বেদম মারধর করে বলে অভিযোগ রয়েছে। স্বামী আশিক কিল-ঘুষি ছাড়াও রড দিয়ে বেদম মারধর করে পালিয়ে যায়।

এ ঘটনার পর ওইদিনই (১৫ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি হন সুমাইয়া। সুমাইয়ার বড় ভাই কাজী রমজান জানান, সুমাইকে নির্যাতনের মামলাটি তুলে নেয়ার জন্য শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময়ে হুমকি দিয়ে যাচ্ছেন। সুমাইয়ার স্বামী আশিক খান, শ্বশুর মুনসুর খানসহ চারজনের নামে দায়েরকৃত মামলা তুলে নিতে নির্যাতিতা সুমাইয়ার বাবা কাজী নজরুল ইসলাম বাদশাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ভুক্তভোগী কাজী নজরুল ইসলাম বাদশা সদর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।

জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাংবাদিক পরিচয়েও মামলা তুলে নেয়ার জন্য বারবার বলা হয়েছে। সুমাইয়া বাড়িতে ফেরার আগে বুধবার (১২ অক্টোবর) সকালে এক ব্যক্তি ‘সাংবাদিক’ পরিচয়ে হাসপাতালের কেবিনে গিয়ে সুমাইয়ার ভাই রমজানসহ তার পরিবারের সঙ্গে এলোমেলো কথা বলেন। সাংবাদিক পরিচয়ধারী ওই ব্যক্তি মোবাইল ফোনেও সুমাইয়ার ভাই রমজানের সঙ্গে উল্টোপাল্টা কথা বলেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি। তাই ভয় ও আতঙ্ক নিয়ে বাড়ি ফিরেছেন সুমাইয়াসহ তার পরিবার।

আগামি ৬ নভেম্বর অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন সুমাইয়া। সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার পার্থ সারথি রায় জানান, সুমাইয়ার মাথা, ঠোঁটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তাকে অনেকদিন চিকিৎসা দেয়া হয়েছে। নড়াইল সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, ভূক্তভোগী গৃহবধূর বাবা বাদী হয়ে মামলা করেছেন। তারা আদালত থেকে জামিন পেয়েছেন। মূল অভিযুক্ত আশিক খান এখনো কারাগারে আছেন।সূত্র:রাতদিন
Leave a Reply