১০ জুলাই বুধবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মাঠে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা ও জেলা পুলিশ নড়াইলের আয়োজনে “বাংলাদেশ জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপ (নারী ও পুরুষ)-২০২৪” শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অত্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার মহোদয় ও জেলা প্রশাসক মহোদয় বেলুন উড়িয়ে কাবাডি খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, “কাবাডি খেলার প্রধান পৃষ্ঠপোষক হলো বাংলাদেশ পুলিশ।
এই খেলাকে ধরে রাখতে এবং উপজেলা পর্যায় থেকে ভালো খেলোয়াড় তুলে আনতে সারা দেশব্যাপী এই আয়োজন করা হয়েছে।” তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান। পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় বলেন, বাংলাদেশ পুলিশ এই খেলাকে জনপ্রিয় করতে সকল ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আর এর জন্য প্রয়োজন ভালো মানের খেলোয়াড়। পুরুষ ও নারী খেলোয়াড় বাছাই করতে আমরা আন্তরিক ও নিরপেক্ষভাবে চেষ্টা করে যাচ্ছি ।” পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।
নড়াইল জেলার চারটি থানার প্রতিটি থানা থেকে একটি পুরুষ ও একটি মহিলা দল মোট চারটি পুরুষ ও চারটি মহিলা দল খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে পুরুষ কাবাডি দলে নড়াইল সদর চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হয় লোহাগড়া কাবাডি দল। মহিলা কাবাডি দলে চ্যাম্পিয়ন হয় নড়াইল সদর এবং রানার্সআপ হয় নড়াগাতী থানা কাবাডি দল।
খেলা শেষে পুলিশ সুপার মহোদয় আমন্ত্রিত অন্যান্য অতিথিদের সাথে নিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়কদের হাতে পুরস্কার স্বরূপ ট্রফি তুলে দেন।
এ সময় জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), পুলিশ সুপার পদ পদোন্নতিপ্রাপ্ত; জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মোঃ কামরুজ্জামান, জেলা ক্রীড়া অফিসার, জনাব মোঃ আইয়ুব খান বুল, সহ-সভাপতি, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা, সৈয়দ তরিকুল ইসলাম শান্ত, সম্পাদক, কাবাডি ফেডারেশন ও যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইলসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply