প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, সব প্রক্রিয়া সম্পন্ন করে ভিসা পাওয়ার পরও যারা মালয়েশিয়ায় যেতে না পেরে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে এ ঘটনার জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না।
বুধবার (৫ জুন) দুপুরে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদেরন তিনি এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের যে এগ্রিমেন্ট ছিল, তাতে (মালয়েশিয়ায় প্রবেশের) শেষ তারিখ ছিল ৩১ মে। সেটা ফুলফিল করতে গিয়ে মালয়েশিয়ান সরকারও চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি।
আমাদের প্রায় ১৭ হাজার মানুষের ভিসা ইস্যু হয়েছে। হাইকমিশনের মাধ্যমে আমরা আপিল করেছি, অন্ততপক্ষে যে ১৭ হাজার মানুষ ভিসা পেয়েছে, তাদের মালয়েশিয়ায় প্রবেশ ও কাজের সুযোগ দেওয়ার জন্য। আমরা আশা করছি, আমাদের অনুরোধ তারা রক্ষা করার চেষ্টা করবে।’
‘মালয়েশিয়ার হাইকমিশন আজও বলেছে তারা সময়সীমা বাড়াবে না’- প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আমরা অনুরোধ করছি। কারণ, যারা মালয়েশিয়ায় চাকরির জন্য অর্থ ব্যয় করেছে তারা আমাদের দরিদ্র শ্রমিক। তারা যেন যেতে পারে মালয়েশিয়ার হাইকমিশনারকে সেই অনুরোধ করেছি।
তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে একটি ছয় সদস্যের তদন্ত দল গঠন করেছি। কমিটি বের করবে তারা কোন কারণে যেতে পারেনি, কী সমস্যা ছিল, কাদের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
শফিকুর রহমান চৌধুরী বলেন, আগামী সাত দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন দেবে। কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে রিপোর্ট আসবে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।





সূত্র অনলাইন ডেস্ক আরটিভি
Leave a Reply