দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফরিদপুর-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে বোয়ালমারী উপজেলায় নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান এ জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনি ক্যাম্পে বা প্রতীকে আলোকসজ্জা নিষিদ্ধ। আচরণবিধি লঙ্ঘন করে পৌরসভার শিবপুর রেলগেটে নৌকা প্রতীকের প্রার্থীর ক্যাম্পে আলোকসজ্জা করা হয়েছে, এ কারণে প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলায় এই নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি দিল নির্বাচন কমিশনের দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।
এ আসনে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ৫ জন। এর মধ্যে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন, বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট (বিএনএম) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফরসহ জাতীয় পার্টি, জাকের পার্টি ও সুপ্রিম পার্টির ৩ প্রার্থী।




Leave a Reply