আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। দলের প্রার্থিতা চূড়ান্ত করা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে ক্ষমতাসীনরা। এখন প্রতিশ্রুতির পালা। আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকলে জনগণকে কী কী উপহার দেওয়া হবে— সে বিষয়ে বিস্তারিত তুলে ধরতে কয়েক দিনের মধ্যে ‘নির্বাচনী ইশতেহার’ প্রকাশ করবে আওয়ামী লীগ।
সংশ্লিষ্টরা বলছেন, এবারের নির্বাচনে প্রার্থীদের মতো ইশতেহারেও চমক দেখাতে চান ক্ষমতাসীনরা। ‘ডিজিটাল বাংলাদেশ’ থেকে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে নির্বাচনী ইশতেহার আগামী ২২ ডিসেম্বর প্রকাশ করা হতে পারে। তবে, এখনো ইশতেহার প্রণয়নের কাজ সম্পন্ন হয়নি বলে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন কমিটির একাধিক সদস্য সাংবাদিকদের জানিয়েছেন।
দলীয় সূত্র মতে, ইশতেহারে বিগত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের হিসাব-নিকাশ যেমন থাকবে, তেমনি থাকবে নতুন নতুন চমক। ইতোমধ্যে দলীয় ইশতেহার প্রায় চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ইশতেহার প্রণয়ন কমিটির কাজ শেষে তা দলীয় সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী কিছু সংযোজন-বিয়োজন এবং তথ্য হালনাগাদের কাজ চলছে।
এবারের ইশতেহারে দেশকে ‘স্বয়ংসম্পূর্ণ’ করতে নানা পরিকল্পনাসহ পাঁচটি বিষয় গুরুত্ব পাচ্ছে। এর মধ্যে সর্বত্র প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণ, কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ আকৃষ্ট ও শিল্পোন্নয়নের রোডম্যাপ। এ ছাড়া, ‘স্মার্ট নাগরিক’, ‘স্মার্ট সোসাইটি’, ‘স্মার্ট ইকোনমি’ ও ‘স্মার্ট সরকার’ প্রতিষ্ঠার মতো বিষয়গুলো আওয়ামী লীগের ইশতেহারে গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে।
গত ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার উপকমিটি গঠন করা হয়। দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাককে আহ্বায়ক এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে সদস্য সচিব করা হয়। ইশতেহার কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- ড. মসিউর রহমান, ড. অনুপম সেন, ড. সাত্তার মন্ডল, ড. বজলুল হক খন্দকার, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ড. শামসুল আলম, ডা. দীপু মনি এমপি, ড. হাছান মাহমুদ এমপি, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি, শেখর দত্ত, ড. মাকসুদ কামাল, ড. মাহফুজুর রহমান, অধ্যাপক খায়রুল হোসেন, অধ্যাপক সাদেকা হালিম, সাজ্জাদুল হাসান এমপি, অ্যাডভোকেট তারানা হালিম, ওয়াসিকা আয়েশা খান এমপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জুনায়েদ আহমেদ পলক এমপি, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত এমপি, অ্যাডভোকেট সায়েম খান, সাদিকুর রহমান চৌধুরী ও সাব্বির আহমেদ এফসিএ।
নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির সদস্য সচিব এবং দলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, ‘সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এ সংকট মোকাবিলা করে বাংলাদেশের উন্নয়নের যে লক্ষ্যমাত্রা সেটা অতিক্রম করা এবং যুগান্তকারী উন্নয়নের সুফল যাতে মানুষ পায় সেটা নির্বাচনী ইশতেহারে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান, শহর ও গ্রামের মানুষের জন্য সত্যিকারের রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।’
জানা যায়, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কমিটি গঠন করার পর একাধিক বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন পেশাজীবীরা তাদের মতামত প্রকাশ করেছেন। সেসব বৈঠকে আওয়ামী লীগের ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। আওয়ামী লীগ প্রতিটি নির্বাচনের আগে জাতির আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে ইশতেহার প্রণয়ন করে। আমরা অতীতে কী করেছি এবং কী অর্জন করেছি, তা আমরা মূল্যায়ন করি। সেই আলোকে আমরা প্রতিটি নির্বাচনের আগে ইশতেহার তৈরি করি।
২০০৮ সালে ‘দিন বদলের সনদ’ শিরোনামে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০১৪ সালে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শিরোনামে ১০টি মেগাপ্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসে দলটি।
২০১৮ সালে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে ‘২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ এবং ‘২১০০ সালের মধ্যে নিরাপদ ব-দ্বীপ’ গড়ে তোলার পরিকল্পনা দেওয়া হয়। সেই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে এবার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের রূপরেখা থাকবে নির্বাচনী ইশতেহারে।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে, সেগুলো হলো:
এছাড়াও, ইশতেহারে সুশাসন থেকে শুরু করে সকল বিষয়, যেমন- আইনের শাসন, পরিবেশ সুরক্ষা, জ্বালানি সংকট মোকাবিলাসহ সবকিছু থাকবে বলে জানা গেছে।

অনলাইন ডেস্ক
Leave a Reply