ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।
আরিফুর রহমান বলেন, আলফাডাঙ্গায় শত-শত বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি চলে আসছে। এই সম্প্রীতি বিনষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবেনা। কেউ এমন অপচেষ্টা চালালে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। আগামী দিনে সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
আজ রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় মানববন্ধনে অংশ নিয়ে এসব কথা বলেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।
এসময় তিনি নির্বাচনের আগে অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত বলেও অভিযোগ করেন। উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন সনাতন সম্প্রদায়ের প্রায় সব সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা।
দোলন বলেন, বিজয়ের মাসে অশুভ শক্তি আলফাডাঙ্গার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার সবসময় দুষ্কৃতকারীদের, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সোচ্চার। আলফাডাঙ্গার সর্বস্তরের মানুষ, হিন্দু-মুসলিম ভাই-ভাই মিলে এই অশুভ শক্তিকে আমরা প্রতিহত করবো।
আলফাডাঙ্গায় শৈশব থেকে যাদের সঙ্গে বেড়ে উঠেছেন তাদের ভারাক্রান্ত হৃদয় নিয়ে রাস্তায় দাঁড়িয়ে মন্দিরে হামলার বিচার চাইতে দেখা তার জন্য দুঃখজনক বলে মন্তব্য করেন দোলন।
তিনি বলেন, একটি বিশেষ গোষ্ঠী আমাদের মধ্যে ঐক্যকে বিনষ্ট করে ফায়দা লুটতে চায়। তাই এই মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা শেখ হাসিনার অঙ্গীকার। যারা শেখ হাসিনার এই অঙ্গীকারের বাইরে গিয়ে ফায়দা লুটতে চান, সংখ্যালঘু সম্প্রদায়কে আঘাত দিতে চান, হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি করতে চান, আপনারা সফল হবেন না।
ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দোলন বলেন, রাতের আঁধারে যতই মুখোশধারীরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা চক্রান্ত করুক না কেন আমরা এক এবং ঐক্যবদ্ধ। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী ও তাদের মদদদাতা পৃষ্ঠপোষকদের চেহারা জনসম্মুখে প্রকাশের দাবি জানাই। অপরাধীরা যেন কেউ পার না পায়।
চক্রান্তকারীদের কোনোভাবেই সফল হতে না দেওয়ার প্রত্যয় রেখে কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি দোলন বলেন, জননেত্রী শেখ হাসিনা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রশাসনকে কঠোর হতে নির্দেশ দিয়েছেন। শুধু আলফাডাঙ্গা নয়, বোয়ালমারী ও মধুখালীতেও মুখোশধারীরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য বিজ্ঞ নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।
সংখ্যালঘুদের ভয়ভীতি দেখিয়ে, আতঙ্ক ছড়িয়ে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা ঐক্যবদ্ধ হয়ে ঠেকানোর আহ্বান জানিয়ে দোলন আরও বলেন, আজকে মানববন্ধনে অংশ নিয়ে আলফাডাঙ্গাবাসী প্রমাণ করেছে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি শতভাগ বজায় রাখতে ঐকবদ্ধ হয়ে কাজ করবো।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কাউন্সিলর বিধান সাহা, সহ-সভাপতি সুকেশ সাহা, ফরিদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিংকর মিত্র,
শহর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, আলফাডাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ কুন্ডু প্রমুখ।
উল্লেখ্য: গত ১৫ ডিসেম্বর রাতে আলফাডাঙ্গা উপজেলা সদরের তিনটি মন্দিরের সাতটি প্রতিমার অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

Leave a Reply