খুলনার পাইকগাছা উপজেলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে বুধবার ভোরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহিদুল হক নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এজলাস কক্ষের জানালার একটি গ্লাস আগে থেকেই ভাঙা ছিল। বুধবার ভোরে সেই ফাঁকা দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ছিটিয়ে মশাল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। আগুনে আদালতের এজলাস কক্ষে আসামিদের কাঠগড়ার একাংশ, লাল সালু এবং বসার দুইটি বেঞ্চ পুড়ে যায়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আদালতের স্টেনো মোল্লা সরোয়ার বাদী হয়ে পাইকগাছা থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের অভিযুক্ত করা হয়েছে।
পুলিশ তদন্তের ভিত্তিতে জাহিদুল হককে গ্রেপ্তার করে। জাহিদুল হক উপজেলার গদাইপুর এলাকার বাসিন্দা।
খুলনা পুলিশ সুপার মো. সাইদুর রহমান জানান, নাশকতার উদ্দেশে আদালতের কার্যক্রম বিঘ্নিত করতে এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এ ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply