দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে তৃণমূল বিএনপি। ৩০০ আসনের মধ্যে ২৮০টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। ঘোষিত প্রার্থীদের মধ্যে পাঁচজন সাবেক সংসদ সদস্য রয়েছেন। বাকি আসনগুলোতে পরবর্তী সময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পল্টনের তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় সেখানে দলের চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী ও নির্বাহী চেয়ারপার্সন অন্তরা সেলিমা হুদা উপস্থিত ছিলেন।
তৃণমূল বিএনপির পক্ষে ২৮০টি আসনে প্রার্থী ঘোষণার দাবি করা হয়েছে। তবে, দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো তালিকা পর্যালোচনা করে ৭০টি আসনে কোনো প্রার্থীর নাম পাওয়া যায়নি।
ঢাকা বিভাগে দলটির ১৪টি আসন, রাজশাহী বিভাগের ১৩টি, চট্টগ্রাম বিভাগের ১৪টি, ময়মনসিংহ বিভাগের আটটি, খুলনা বিভাগের তিনটি, বরিশাল বিভাগের দুটি এবং রংপুর বিভাগের ১২টি আসনে দলটির কোনো প্রার্থী পাওয়া যায়নি।
তৃণমূল বিএনপি ঘোষিত প্রার্থীদের তালিকায় থাকা সাবেক সংসদ সদস্যরা হলেন- মৌলভীবাজার-২ আসনে এম এম শাহীন, লহ্মীপুর-১ আসনে এম এ আউয়াল, সাতক্ষীরা-৪ আসনে এইচ এম গোলাম রেজা, ঝিনাইদহ-২ আসনে নুরুদ্দিন আহমেদ ও মেহেরপুর-২ আসনে আবদুল গণি।

অনলাইন ডেস্ক
Leave a Reply