সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠলে ঢাকা শহরকে ইউরোপের মতো লাগে। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে চলাচলকারী বাসগুলোকে দেখে মনে হয়, এগুলো মুড়ির টিনের মতো।রবিবার (২২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমরা ঢাকা শহরে মুড়ির টিনগুলো (বাস) চলছে। আল্লাহর নামে চলিলাম। গাড়ির গায়ে লেখা আল্লাহর নামে চলিলাম। আর যেতে যেতে খাদের মধ্যে অথবা পাশের আইল্যান্ডের উপর চলে যায়। এই হইলো অবস্থা।”
মালিক সমিতির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের আজ যে হাইট সেই হাইটের সঙ্গে এটি মানায় না। আমাদের গ্রামগুলোতে ঢাকা শহরের চেয়ে ভালো বাস চলে। তাহলে ঢাকা সিটিতে কেন চলবে না। আপনারা বন্ধ না করলে আমি কি এগুলো বন্ধ করতে পারব। অসুস্থতার পর আমি ভিজিট করতে পারিনি। কিন্তু অসুস্থতার আগে আমি রাত বারোটা পর্যন্ত ভিজিট করেছি।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম রওশন আরা মান্নান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি এ কে এম শাহাবুদ্দিন খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মশিউর রহমান রাঙ্গা, মহাসচিব এনায়েত উল্যাহ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, সাধারণ সম্পাদক ওসমান আলী, নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
সভায় জানানো হয়, ২০২১ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় ২৬,৩৬৬ জন নিহত এবং ৫৫,৯৮২ জন আহত হয়েছে। এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি। সড়ক দুর্ঘটনার সংখ্যা কমাতে সবাইকে একযোগে কাজ করতে হবে।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “আমরা নিরাপদ সড়ক নিশ্চিত করতে কাজ করছি। আমরা নতুন নতুন পদক্ষেপ নিচ্ছি। সড়ক দুর্ঘটনা কমাতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।”

Leave a Reply