চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় চলন্ত সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী বাস। এতে বাসের যাত্রীসহ ২ জন নিহত ও চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ জুলাই) সকাল পৌনে ৭ টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি বলেন, সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস।

গাড়ী দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছলে ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসে থাকা ২ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে।
তাৎক্ষণিক নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও হতাহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
পরিচয় পাওয়া নিহত ব্যক্তির নাম টিপু সোলতান (২২)। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর থানার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে। বাবা জামাল কক্সবাজারে বাবুর্চির কাজ করেন। বাবাকে কাজে সহায়তা করতেন ছেলে টিপু সোলতান।
নিহত অপরজনের পরিচয় উদঘাটনের চেষ্টা করছেন জানিয়ে হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, গুরুতর আহত তিনজনকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে গাড়ী দুটি।




Leave a Reply