কায়সার হামিদ মানিক,কক্সবাজার :
কক্সবাজারের উখিয়ার ক্রামইজোন খ্যাত পালংখালী এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
রোববার সকাল ৭ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের নলবনিয়া এলাকা থেকে এসব অস্ত্র গুলি ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী হলেন,পালংখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নলবনিয়া এলাকার সুলতান আহাম্মেদ এর ছেলে মোঃ ওসমান (৩১)।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী রোববার বিকালে স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়।এর প্রেক্ষিতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকায় কতিপয় ব্যক্তি অস্ত্র-গোলাবারুদ ও মাদক ক্রয়-বিক্রয়/অন্যান্য সরবরাহের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রোববার ১৬ জুলাই সকাল ৭ টার দিকে র্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক বর্ণিত স্থানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল মোঃ ওসমান নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি তার বসত ঘরে কাঠের আলমারীর উপরে ১টি প্লাস্টিকের বস্তায় অবৈধ অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রক্ষিত আছে মর্মে জানায়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটককৃত ব্যক্তির ভাষ্যমতে তার বসত ঘর তল্লাশী করে ১টি ওয়ান শুটারগান, ২টি বিদেশী পিস্তল, ১৩ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড খালি কার্তুজ এবং ৪ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী জানায়, সে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত এবং বিভিন্ন কৌশলে বিদেশী অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে দুস্কৃতিকারীদের নিকট বিক্রয় করে থাকে।
উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ ও ইয়াবাসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।




Leave a Reply