কায়সার হামিদ মানিক,কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে ফের পৃথক স্থান থেকে দুই রোহিঙ্গা একজন ইজিবাইক চালক ও এক কৃষকসহ ৪ জনকে অপহরণ করেছে দূর্বৃত্তরা। অপহৃতরা হলেন টেকনাফ সাবরাং ইউনিয়নের কচুবনিয়ার কালা মিয়ার ছেলে আবু সৈয়দ (৩৩), একই উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নোয়াখালী পাড়ার বদিউর রহমানের ছেলে মনুজর আলম (৬০), বাহারছড়া ৮ নম্বর ওয়ার্ডের বড় ডেইলের বাসিন্দা পুরাতন রোহিঙ্গা জাফর আলম (৪০) ও উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পের সৈয়দ হোসাইনের ছেলে নুর হোসেন (৩২)।

সোমবার ১ মে সন্ধ্যায় পৃথকভাবে টেকনাফের বাহারছড়া নোয়াখালী পাড়া, হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্পসহ সাবরাং এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে বলে ভিকটিমের পরিবার সুত্রে জানা গেছে।
ভিকটিম মনজুর আলমের পরিবারের বরাত দিয়ে বাহারছড়া ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস জানান, নোয়াখালী পাড়ার মনজুর আলম ও বড় ডেইলের পুরাতন রোহিঙ্গা জাফর আলম তারা দু’জন সোমবার ১ মে নোয়াখালী পাড়া সংলগ্ন বাঘঘোনা পাহাড়ে ভেতর পানের বরজে কাজ করতে গেলে অস্ত্রধারী ডাকাতদল তাদের অপহরণ করেন। অপহরণের পর তাদের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করছে।
অপরদিকে ভিকটিম ইজিবাইক চালক আবু সৈয়দের বড় ভাই আবুল কালাম জানান, তার ছোট ভাই আবু সৈয়দ প্রতিদিনের মত টমটম (ইজিবাইক) নিয়ে সকালে বাড়ি থেকে যাওয়ার পর সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। আবার ইজিবাইক নিয়ে একই সময় বাড়ি থেকে বের হলেও সে আর সন্ধ্যায় বাড়িতে ফেরত আসেনি।
পরবর্তীতে অপহরকারীরা রাতে তাদেরকে ইমুতে ভিডিও কলে দেখাচ্ছে টাকার জন্য তার ওপর নির্যাতন করা হচ্ছে।
আরেক ভিকটিম উনচিপ্রাং-২২ নম্বর ক্যাম্পে নুর হোসনের পিতা সৈয়দ হোসাইন জানান, ক্যাম্পের ভেতর তার দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করা হয়। পরবর্তীতে তাদের কাছে মোবাইল ফোন করে বলা হয় ২ লাখ টাকা মুক্তিপন দাবি করে। আর না হলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, অপহরণের ঘটনাগুলো জানার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply