জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
তীব্র দাবদাহ আর লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তি নেমে এসেছে নড়াইলের লোহাগড়া উপজেলায়। একটু স্বস্তির আশায় সাধারণ মানুষ হাঁসফাঁস করছেন। ভোগান্তি পোহাতে হচ্ছে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদেরও। পানি অভাবে ক্ষেতজুড়ে নানা ধরনের ফসল শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।
মৌসুমে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি না হওয়ায় ও লোডশেডিংয়ের কবলে পড়ে এবারের ইরি-বোরোর ফলন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফসল শুকিয়ে চিটায় পরিণত হচ্ছে। পাট চাষিরা পানির অভাবে সেচ দিতে পারছেন না। ফলে ছোট ছোট চারা গাছ মরে যাচ্ছে। এ অবস্থায় তারা যেন নিরবচ্ছিন্নভাবে জমিতে সেচ দিতে পারেন, সেই দাবি করেছেন।
উপজেলার কৃষকেরা বলছেন, একেতো বৃষ্টি নেই। তার ওপর লোডশেডিং। এতে জমিতে সময় মতো ও পরিমাণ মতো সেচ দিতে পারছি না। ফলে সব ধরনের ফসল শুকিয়ে যাচ্ছে। মরে যাচ্ছে। ইরি ধান কাটার সময় হয়ে গেছে। কিন্তু ধানে চিটা বেশি মনে হচ্ছে। অন্যদিকে ঢেঁড়স, করলা, শসা, বেগুন, কুমড়া, মরিচ,পটলসহ অন্য সবজি উৎপাদনও ব্যাহত হচ্ছে।

উপজেলার ধানাইড় গ্রামের কৃষক আমিনুর রহমান বলেন, এক বিঘা জমিতে ঢেঁড়স চাষ করেছি। কিন্তু সেচ দেওয়ার অভাবে গাছ শুকিয়ে যাচ্ছে। ফলন কমে যাচ্ছে। আবার পোকায়ও ধরছে। এ অবস্থায় কী করব বুঝতে পারছি না। মনে হচ্ছে এবার খরচ উঠবে না। আমাদের পাশের অনেক কৃষকেরই এমন অবস্থা। তাদের অন্যান্য ফসলও হুমকির মুখে পড়েছে।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌর সভায় বর্তমানে ২২ হাজার ৪০০ হেক্টর জমিতে ফসল আবাদ করা হয়েছে। মৌসুমের শুরু থেকেই প্রকৃতিতে প্রচণ্ড দাবদাহ বিরাজ করছে। বৃষ্টি নেই। ইরি-বোরো ক্ষেতে কৃষক প্রয়োজনীয় সেচ দিতে সমস্যায় পড়েছেন। ফলে ধান চিটা হয়ে যেতে পারে। বোরোর ফলনও কমে যেতে পারে। এছাড়া লোডশেডিংয়ের কারণে বর্তমানে পাট চাষিসহ অন্য ফসল চাষিরা জমিতে সেচ দিতে পারছেন না।

চারা গাছ শুকিয়ে যাচ্ছে। ফল ঝরে পড়ছে। এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লোহাগড়া লক্ষীপাশা জোনাল অফিসের ডিজিএম এটিএম তারিকুল ইসলাম জানায়, দেশে চলমান গ্রীষ্ম মৌসুমে তীব্র দাবদাহ এবং পবিত্র রমজান মাসের জন্য বিদ্যুতের চাহিদা অত্যাধিক বেড়ে গেছে। তিনি বরো জানান, রামপাল ৫০০ মেঃওঃ থার্মার বিদ্যুৎ কেন্দ্র, আশিুগঞ্জ ৯০০ মেঃওঃ বিদ্যুৎ কেন্দ্র ও চট্রগ্রাম ( রাউজান) ২১০ মেঃওঃবিদ্যুৎ কেন্দ্রে ত্রুটির কারণে বন্ধ থাকা এবং হাটহাজারি ১৩২/৩৩ কেভি গ্রিট উপকেন্দ্রের পিটি বিস্ফোরনের কারণে বিদ্যুৎ কমে যাওয়ায় লোডশেডিং হচ্ছে।
আশা করা হচ্ছে সহসাই এই পরিস্থিতির উন্নতি ঘটবে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
এ বিষয়ে লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, প্রকৃতিতে প্রচণ্ড দাবদাহ বিরাজ করছে। এই গরমে উপজেলার সব জায়গায় সম্ভবত সমানভাবে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। লোডশেডিং বাড়ছে। এতে অবশ্যই সময়ে বৃষ্টি না হলে ফসলের উৎপাদন কমতে পারে।

Leave a Reply