কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে মালিকবিহীন ৭ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (মিডিয়া) আব্দুর রহমান (বিএন) এক প্রেস বিজ্ঞাপ্তিতে গণমাধ্যমকে তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার আনুমানিক রাত দুইটার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক টেকনাফ থানাধীন সেন্ট মার্টিন উপকূলের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্ব এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন মিয়ানমার হতে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক বোটটিকে থামার সংকেত দেয়া হয়।
এসময় বোটের মাঝি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি না থামিয়ে দ্রুত মিয়ানমার সীমানার দিকে পালাতে থাকে। কোস্ট গার্ড সদস্যরাও সন্দেহজনক বোটটিকে ধাওয়া করতে থাকে। একপর্যায়ে বোটটি আলামত ধ্বংসের লক্ষ্যে পলিথিনে মোড়ানো বাদামি রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমার সীমানায় চলে যায়।
পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা পানি থেকে পাচারকারিদের ফেলে দেওয়া ১০ টি বস্তা উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশি করে সর্বমোট সাত লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করে কোস্টগার্ডে’র ওই কর্তকর্তা।

Leave a Reply