কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের বৈদ্যঘোনা গহিন পাহাড় থেকে অপহৃত তিন যুবককে উদ্ধার করেছে র্যাব। রবিবার (২৬ মার্চ) সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে র্যাব-১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার শামসুল আলম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্ধার হওয়া অপহৃতরা হলেন টেকনাফের হোয়াইক্যং এলাকার আমান উল্লাহ, তার বন্ধু সিরাজুল মোবিন ও উখিয়ার কুতুপালং এলাকার আবু তাহের।
শামসুল আলম খানের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও বলা হয় : র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পে ঠান্ডা মিয়া নামে এক ব্যক্তি একটি অভিযোগ করেন।
যেখানে বলা হয় গত ২৫ মার্চ ভোরে তার ছেলে আমান উল্লাহ ও ছেলের বন্ধু সিরাজুল মোবিন ফজরের নামাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তারা দুজন হোয়াইক্যং ইউনিয়নের উলুবুনিয়া রাস্তার মাথায় পৌঁছালে কতিপয় ব্যক্তি তাদের কাছে সিএনজি মেরামতে জন্য একটি গ্যারেজের সন্ধান চায়।
গ্যারেজের সন্ধান দেখানোর জন্য দুজন গাড়িতে উঠলে পূর্বপরিকল্পিতভাবে অপহরণকারী দুজনকে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। এরপর ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকিসহ বিভিন্ন রকমের ভয়ভীতি দেখায়।

অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ বাজারের আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করে অপহরণকারী চক্রের সদস্য নবী হোসেন ও জাহিদ হোসেন কাবিলাকে আটক করে।
তাদের দেওয়া তথ্যে র্যাব সন্ধ্যায় টেকনাফের নতুন পল্লানপাড়ার বৈদ্যঘোনা গভীর পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত দুজনসহ তিনজনকে উদ্ধার করে।
এর মধ্যে অন্য অপহৃত আবু তাহেরকে কুতুপালং থেকে ২৫ মার্চ অপহরণ করা হয়েছে বলে তথ্য দিয়েছে। এ ব্যাপারে ঠান্ডা মিয়া টেকনাফ থানায় মামলা করেন।
অপহরণকারীদের আস্তানা থেকে দুটি রামদা, ২৫ ফুট শিকল, আটটি তালা, দুটি চাবির ছড়া ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ নিয়ে গত ছয় মাসে টেকনাফের পাহাড়কেন্দ্রিক ৫৮ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।
Leave a Reply