কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী (১১ নম্বর) রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ আগুন লেগে পুড়ছে ঝুপড়ী ঘর। আগুনের ভয়াবহ লেলিহান শিখায় জ্বলছে একর পর এক রোহিঙ্গাদের ঝুপড়ি ঘরগুলো। আগুন নিয়ন্ত্রণে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা।
রোববার (৫ মার্চ) বিকাল সোয়া তিনটার দিকে বালুখালী রোহিঙ্গা বাজার মরা গাছতলা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।২ ঘন্টার চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা জানিয়েছে, বাতাসের কারণে আগুনের লেলিহান শিখা দ্রুত এপাশ ওপাশ ছড়াচ্ছে। আশ্রিত রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে দৌড়ে পালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, এপিবিএন, দমকল বাহিনীসহ সাধারণ রোহিঙ্গা এবং স্থানীয়রাও। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
উল্লেখ্য, এর আগেও বালুখালীর ৯-১০ নাম্বার ক্যাম্পেও আগুন লেগে হাজারের অধিক রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হয়েছিল শত শত রোহিঙ্গাকে। আবার আগুন লেগে শত শত ঘর পুড়ে অগণিত রোহিঙ্গা ঘরহীন হয়ে পড়বে, এমনটি জানিয়েছে স্থানীয়রা।

Leave a Reply