ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পের কাজ আগামী জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি আমডাঙ্গায় নতুন খাল খনন এবং শিবসা নদীর পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে আরও প্রায় ৯০ কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক প্রকল্পের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী বলেন, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিয়ে স্থানীয়দের বক্তব্য ও সমস্যার কথা শোনা হয়েছে। এসব সমস্যা সমাধানে বিস্তারিত আলোচনা হয়েছে। চলমান ৮১ কিলোমিটার এবং অতিরিক্ত ৪৫ কিলোমিটার খননকাজের অগ্রগতি গত অর্থবছরে দৃশ্যমান হয়েছে। এর ফলে এলাকার মানুষ কিছুটা সুফল পেয়েছেন।
তিনি আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের খাল খনন কর্মসূচি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবদহের জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন হলে ভবদহ ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি।
সভায় আরও উপস্থিত ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, কৃষি সচিব সেলিম খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ভারপ্রাপ্ত আহ্বায়ক গাজী আব্দুল হামিদ এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতারা।
সভায় জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার এবং সেচসুবিধা সম্প্রসারণে প্রস্তাবিত প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তবে স্থানীয় প্রতিনিধিরা সেচ প্রকল্পের পরিবর্তে নদী ও খালের পানিপ্রবাহ সচল রাখা, পর্যায়ক্রমে বিভিন্ন বিলে জোয়ারাধার বা টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু এবং জলাবদ্ধতা নিরসনে পৃথক ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের দাবি জানান। সভা শেষে পানিসম্পদমন্ত্রী, কৃষিমন্ত্রী, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভবদহ এলাকা পরিদর্শন করেন।


Leave a Reply