যশোর শহরের রেলরোড এলাকায় সুজুকি মোটরসাইকেল শোরুমের সার্ভিস সেন্টারের পেছন থেকে কালো টেপে মোড়ানো ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সোনালী ব্যাংকের সামনে নিউ যশোর ট্রেডিং সুজুকি শোরুমের পেছনের ফাঁকা জায়গা থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, দুই যুবক শোরুমের পেছনে প্রবেশ করে বস্তুটি রেখে দ্রুত পালিয়ে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেখানে কালো টেপে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হয়।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে নিয়ে যান।
তবে উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে ককটেল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কারা এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রেখে গেছে, সেটিও জানা যায়নি।


Leave a Reply