যশোরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মা ফাতেমাকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে নিজের ছেলেসহ চারজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার সদর উপজেলার রূপদিয়া এলাকার গোপালপুরে এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে কোতোয়ালি থানা ও রূপদিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন। পরে পরিবারের সহযোগিতায় সন্ধ্যায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। মারধরে তাঁর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
আহত ফাতেমার অভিযোগ, তিন বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে ছেলেরা তাঁকে ঠিকমতো খাবার দেয় না। তিনি নিজেই রান্না করে খেয়ে জীবনযাপন করেন। এর আগেও একাধিকবার তাঁকে মারধর করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তরা বাড়িতে এসে প্রথমে ঘরবাড়ি ভাঙচুর করে। পরে তাঁকে ঘর থেকে বের করে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত অবস্থায় ফেলে রেখে যায়।
ফাতেমার অভিযোগ, এ ঘটনায় তাঁর ছেলে জিয়ার, সৎ ছেলে জালাল, জালালের ছেলে নাঈম এবং আরেক সৎ ছেলের ছেলে সালাম জড়িত। এর আগেও মারধরের ঘটনায় তিনি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেছিলেন। তখন পুলিশ তাঁকে উদ্ধার করে এবং বিষয়টি নিয়ে মীমাংসা করা হয়েছিল বলে জানান তিনি।
এ ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বৃদ্ধা ফাতেমা।
এ বিষয়ে বৃদ্ধাকে উদ্ধারকারী কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন জানান, জমিজমা নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ রয়েছে। এর আগে একবার বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়েছিল।


Leave a Reply