যশোরের বাঘারপাড়ায় বাড়িতে ডাকাতি ও পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় সুমন হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে সিআইডি। বুধবার দিবাগত রাতে উপজেলার দোহাকুলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের কামরুল ইসলামের ছেলে।
মামলার অভিযোগে জানা যায়, গত ৭ এপ্রিল গভীর রাতে গোলাপী খাতুনের বাড়িতে হামলা চালিয়ে তাকে, তার মেয়ে ও বাবাকে মারধর করে দুর্বৃত্তরা। এতে গোলাপী গুরুতর আহত হন। এ সময় বাড়িতে রাখা দুই লাখ টাকা, দোকানের নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামালসহ বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়।
এ ঘটনায় ২০ এপ্রিল আদালতে মামলা করেন গোলাপী খাতুন। পরে আদালতের নির্দেশে ১ মে বাঘারপাড়া থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলায় সুমনসহ ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
প্রাথমিক তদন্তে আসামিদের অব্যাহতির সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হলেও বাদীর নারাজি আবেদনের পর বর্তমানে মামলাটি সিআইডি তদন্ত করছে।


Leave a Reply