নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় জানালার গ্রিল কেটে একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ক্যামেরাসহ প্রায় কোটি টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে ছয় থেকে সাত সদস্যের একটি ডাকাত দলের বিরুদ্ধে।
রবিবার (১ নভেম্বর) ভোররাতে ভাদুলীডাঙ্গা এলাকায় প্রকৌশলী মানিক কুমার বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। ছবি :সমাজের চিত্র।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ছয় থেকে সাত জনের ডাকাত দলটি। এরপর পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে বাড়ির বিভিন্ন কক্ষে তল্লাশি চালায় তারা। একপর্যায়ে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
বাড়ির মালিক সমর কুমার বিশ্বাস বলেন, ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ৩২ থেকে ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় কোটি টাকার মালামাল খোয়া গেছে।
মানিক কুমার বিশ্বাসের মেয়ের জামাই রূপক সেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন জেলায় বসবাসরত পরিবারের সদস্যরা বাড়িতে একত্রিত হয়েছিলেন। উৎসবে ব্যবহারের জন্য তাদের কাছে স্বর্ণের গয়না ও মূল্যবান জিনিসপত্র ছিল। ডাকাতরা বাড়ির প্রায় সব কক্ষ থেকে এসব মালামাল নিয়ে গেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভুক্তভোগী পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা প্রত্যাশা করছেন স্থানীয়রা।



Leave a Reply