সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মাদ আলী আরাফাত সংবাদ সংস্থা বাপসনিউজ ও জনপ্রিয় পোর্টাল আইবিএননিউজ২৪.কমকে বলেছেন,ইটালিতে যে ঘটনাটি ঘটেছে, তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। যারা এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করছে, তারা ভুল করছে।
এটি কোনো বিশেষ ব্যক্তির ওপর তথাকথিত আক্রমণ নয়। বরং এভাবে বলা যায়, এখানে “ব্যক্তি” মোটেও গুরুত্বপূর্ণ নয়, কারণ এখানে কোনো বিশেষ ব্যক্তি লক্ষ্যবস্তুই ছিল না। আপাতদৃষ্টিতে যে ব্যক্তির ওপর ‘পানি’ ও ‘কোক’ ছোড়া হয়েছে, সে শুধুমাত্র বৃহত্তর সংকট থেকে উদ্ভূত একটি পরিস্থিতির শিকার।
প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া থাকে, এটি তো বিজ্ঞান। এই বিষয়টিকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? Exclusion সমাজকে সংঘাতপূর্ণ করে তোলে, আর সংঘাতপূর্ণ সমাজের রূপ তো এমনই হবে।
আবারও বলি, সমাজ যদি অন্তর্ভুক্তিমূলক না হয়, সমাজে যদি একতরফা অন্যায়-অবিচার চলতে থাকে, তখন “মতপার্থক্য” বিভক্তিতে রূপ নেয় এবং তা বিষাক্ত হয়ে ওঠে। বিশেষ করে যখন বিচারের জায়গা দখল করে প্রতিহিংসা, যখন আইনের শাসনের পরিবর্তে মবের শাসন প্রতিষ্ঠিত হয়, যখন গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে দ্বৈত মানদণ্ড প্রয়োগ করা হয়, তখন সমাজে যে বিষাক্ত বিভাজন তৈরি হয়, তার বহিঃপ্রকাশে এ ধরনের ঘটনা ঘটাটাই স্বাভাবিক।খবর আইবিএননিউজ ।
এই সমস্যার সমাধান করতে হলে এর গভীরে যেতে হবে। একজন আরেকজনকে অভিযুক্ত করে কোনো সমাধান আসবে না। সমাজ এবং রাজনীতি অন্তর্ভুক্তিমূলক না হলে, প্রতিটি নাগরিকের মানবাধিকার সমানভাবে সমুন্নত রাখতে না পারলে, এই বিষাক্ত বিভক্তি দূর হবে না।
এর একমাত্র সমাধান হলো বিচার, আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক অধিকারগুলোকে একতরফা না করে সার্বজনীন করে তোলা এবং রাজনীতি ও নির্বাচন প্রক্রিয়াকে অন্তর্ভুক্তিমূলক করে তোলা। বাংলাদেশে এখন যা ঘটছে, সবকিছুই একতরফা,
কাজেই তার প্রতিক্রিয়া ঘটছে দেশের বাইরে। এই প্রতিক্রিয়াগুলো ধীরে ধীরে দেশের ভেতরেও ঘটা শুরু করবে, যা এই সমাজের জন্য মোটেও মঙ্গলজনক হবে না। সামনে আরও ভয়াবহ সময় অপেক্ষা করছে, আর এর জন্য দায়ী থাকবে ইউনূস এবং বর্তমান বিএনপি-জামায়াত জোটের শাসকগোষ্ঠী।

Leave a Reply