ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, আনন্দ ও সম্প্রীতির অনন্য আবহে নিউইয়র্কের জামাইকায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্যারেড। গত ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার নিউইয়র্ক হিন্দু কমিউনিটির উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় বিভিন্ন মন্দির, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিনিধি, ভক্ত ও সদস্যদের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে জামাইকার রাজপথ।খবর আইবিএননিউজ শ্রীকৃষ্ণ সনাতন ( হিন্দু )ধর্মাবলম্বীদের কাছে প্রেম, ন্যায়, সত্য, ধর্ম ও মানবকল্যাণের এক অনন্য প্রতীক। তাঁর জীবন ও বাণী মানুষকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, ন্যায়ের পথে চলা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। জন্মাষ্টমীর এই ধর্মীয় উৎসব তাই কেবল পূজা-অর্চনা বা আনন্দ উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি ভক্তি, নৈতিকতা,
মানবতা ও পারস্পরিক সম্প্রীতিরও এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। নিউইয়র্কের বহুজাতিক সমাজে এবারের প্যারেড সেই চেতনাকেই আরও উজ্জ্বল করে তুলেছে।বাপসনিউজ জানিয়েছে ,কমিউনিটি লিডার প্রিয়তোষ দে’র আহ্বান ও সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত শোভাযাত্রাটি জ্যামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও ১৬২ স্ট্রিটে অবস্থিত শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ মন্দিরের নিচ থেকে শুরু হয়। শিশু-কিশোরদের বর্ণিল অংশগ্রহণ, ভক্তদের ধর্মীয় সংগীত,
বিভিন্ন সংগঠনের নিজস্ব ব্যানার এবং স্বতঃস্ফূর্ত জনসমাগমে পুরো এলাকা এক আনন্দঘন ধর্মীয় আবহে মুখরিত হয়ে ওঠে। শোভাযাত্রায় ভক্তদের উপস্থিতি জন্মাষ্টমীর প্রতি প্রবাসী সনাতন ( হিন্দু ) সম্প্রদায়ের গভীর অনুরাগ ও ধর্মীয় বন্ধনেরই বহিঃপ্রকাশ ঘটায়।নিজস্ব ব্যানার নিয়ে প্যারেডে অংশ নেয় মতুয়া সম্প্রদায়ের শ্রী শ্রী হরি মন্দির, আমেরিকান বাঙালি হিন্দু ফাউন্ডেশনের মহামায়া মন্দির, ব্রুকলিনের রাধামাধব মন্দির, শ্রী শ্রী রামঠাকুর অনুসারীদের গুরুচক্র পরিবার, শংকর মঠ ও মিশন নর্থ আমেরিকা, সনাতন সেবাশ্রম সংঘের মহাকালী মন্দির, পূজা পার্বণ কালচারাল সোসাইটি, আমেরিকান মিরসরাই সনাতনী সোসাইটি, বাংলাদেশ সেবা সংঘ, সনাতন ইউথ সংঘ এবং বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ইউএসএ।
এ ছাড়া পৃথক ব্যানার দৃশ্যমান না হলেও শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ, উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ, বাংলাদেশ বেদান্ত সোসাইটি, গীতা সংঘ, সৎসঙ্গ, নামহট্ট, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু কালচার অ্যান্ড হেরিটেজ সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাংগঠনিক নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশ হিন্দু মন্দির, ঐক্য পরিষদ, পূজা সমিতি, জ্যামাইকা কালীমন্দির ও সার্বজনীন গীতা সংঘসহ আরও বিভিন্ন মন্দির ও সংগঠনের ভক্ত, সদস্য এবং শুভানুধ্যায়ীরাও শোভাযাত্রায় অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ও কমিউনিটি লিডার ডা. হ্যারি শুক্লা, ইন্ডিয়ান আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন অব ওয়েস্টচেস্টারের প্রেসিডেন্ট পঙ্কজ মেহতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক ও শিক্ষাবিদ প্রফেসর ড. সাচি দস্তিদার , ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ এর সভাপতি ভজন সরকার, হিন্দু কমিউনিটির নেতা সুশীল সিনহা, নিত্যানন্দ কিশোর দাস , শিতাংশু গুহ , গোবিন্দ জি বানিয়া ,
সন্জিত কুমার ঘোষ, রাম দেবনাথ , কমিউনিটির নেতা ও উপস্থাপক উৎপল চৌধুরী, সমর রায় , সুজন সাহা , বীনাপানি দেসহ বিভিন্ন মন্দির ও সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উৎপল চৌধুরী। এ সময় আয়োজনের সঙ্গে সম্পৃক্ত তত্ত্বাবধায়ক ও সাংগঠনিক নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্যারেডের পারমিট ও কো-অর্ডিনেটিং স্পন্সরের দায়িত্ব পালন করে বৈদিক আমেরিকান ফাউন্ডেশন, যার ঠিকানা ১৬৩-০৮ হিলসাইড অ্যাভিনিউ, জামাইকা, নিউইয়র্ক ১১৪৩২। প্রসাদ ও যোগাযোগ ব্যবস্থাপনার দায়িত্বে ছিল পঞ্চতত্ত্ব গীতাপীঠ। শোভাযাত্রা শেষে পঞ্চতত্ত্ব গীতাপীঠের বিদ্যাধাম সেন্টারে অংশগ্রহণকারী ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ধর্মীয় আচার, শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে ভক্তি ও সামাজিক বন্ধনের আবহ আরও গভীর হয়ে ওঠে।
নিউইয়র্ক হিন্দু কমিউনিটির সার্বিক তত্ত্বাবধায়ক প্রিয়তোষ দে প্যারেডে নিজস্ব ব্যানার নিয়ে অংশগ্রহণকারী সব মন্দির ও সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই শোভাযাত্রা কোনো একক ব্যক্তি বা সংগঠনের নয়; এটি নিউইয়র্কের বৃহত্তর হিন্দু কমিউনিটির সম্মিলিত ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন। বিভিন্ন মন্দির ও সংগঠনের অংশগ্রহণই এই আয়োজনকে শক্তিশালী ও অর্থবহ করেছে।
তিনি আগামী বছরের জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রার আয়োজন ও পরিচালনায় অংশগ্রহণকারী মন্দির ও সংগঠনগুলোকে আরও সরাসরি সম্পৃক্ত করে সম্মিলিতভাবে তাদের হাতেই দায়িত্ব অর্পণের ইচ্ছা প্রকাশ করেন। তাঁর এই বক্তব্যে প্রবাসী হিন্দু সমাজের মধ্যে ঐক্য, সহযোগিতা ও সমন্বিত নেতৃত্বের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠানকে আরও ব্যাপক ও সার্বজনীন করার প্রত্যয়ের প্রতিফলন ঘটে।
অনুষ্ঠানে আগামী বছরের নিউইয়র্ক হিন্দু কমিউনিটি জন্মাষ্টমী প্যারেডের তারিখ হিসেবে শনিবার, ২৮ আগস্ট ২০২৭ ঘোষণা করা হয়। আয়োজকদের প্রত্যাশা, আগামী বছর আরও বেশি মন্দির, সংগঠন, পরিবার, শিশু-কিশোর ও ভক্তের অংশগ্রহণে এ আয়োজন বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কের মতো বহুসাংস্কৃতিক নগরীতে জন্মাষ্টমীর এই প্যারেড ধর্মীয় পরিচয় উদযাপনের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সম্প্রীতিরও এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। শ্রীকৃষ্ণের ধর্ম,
ন্যায় ও মানবকল্যাণের আদর্শকে ধারণ করে বিভিন্ন মন্দির ও সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে জন্মাষ্টমী প্যারেড ভবিষ্যতে নিউইয়র্কের হিন্দু কমিউনিটির একটি বৃহত্তর সার্বজনীন বার্ষিক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply