নড়াইল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. আবু রায়হানের (৩৫) অফিসকক্ষে প্রবেশ করে ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়াসহ কর্মকর্তাকে
মারধরের অভিযোগ এনে মো. জিসানুর রহমানসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
রোববার (২৮ জুন) রাতে মৎস কর্মকর্তা মো. আবু রায়হান বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত জিসানুর নড়াইল সদর উপজেলার যদুনাথপুর গ্রামের টিপু সুলতানের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলা পরিষদ ভবনের তৃতীয় তলায় উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে জিসানুর নামের এক যুবক মাঝে মধ্যেই অফিসের গোপনীয় বিভিন্ন তথ্য চায়।
চাহিদা অনুযায়ী অফিসের গোপনীয় তথ্য প্রদান না করলে ক্ষিপ্ত হয়ে অফিসের কর্মকর্তা কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।
পরে রোববার (২৮ জুন) বিকেল ৩টার দিকে চার থেকে পাঁচ জনকে সঙ্গে নিয়ে মৎস কর্মকর্তার কার্যালয়ে প্রবেশ করেন অভিযুক্ত জিসানুর। এসময় তারা নড়াইল জেলার সকল সুবিধাভোগী সদস্যদের প্রদর্শনী তালিকা দাবি করেন।
পূর্বেও এ তালিকা সরবরাহ করা হয়েছে সেটা বলা হলে অভিযুক্ত জিসানুর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে মৎস কর্মকর্তাকে মারধর করেন এবং সরকারি ডেস্কটপ ও মনিটর ভেঙে ফেলেন বলে এজাহারে অভিযোগ আনা হয়।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা (সদর) মো. আবু রায়হান বলেন, জিসানুর বেশ কিছুদিন ধরেই আমার কার্যালয়ে এসে ঝামেলা করছেন।
তিনি প্রদর্শনী বরাদ্দের দাবি করেছেন, কিন্তু যে কোনো বরাদ্দ একটা কমিটির মাধ্যমে চূড়ান্ত করে দেওয়া হয়।
এখানে এখন কোনো বরাদ্দই আমার দেওয়ার সুযোগ নেই। আমি বিষয়টি বার বার বুঝিয়ে বলার পরও তিনি সবসময় এসে অহেতুক ঝামেলা করেন। আর সবশেষ তিনি আমার অফিসে এসে ভাঙচুর-মারধর করে গেছেন। আমি থানায় মামলা দায়ের করেছি।
এদিকে, অভিযুক্ত জিসানুর তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, গ্রামের কৃষক শ্রেণির লোকজন নিয়েই আমাদের ওঠা-বসা।
বিভিন্ন সময়ে উপজেলা অফিসে কাজে যেতে হয়। মৎস কর্মকর্তার অফিসে কোনো তথ্যের জন্য গিয়েও সেটা ঠিকমতো পাওয়া যায় না।
বরং তিনি অসৌজন্যমূলক আচরণ করে তাড়িয়ে দেন। তার অফিসের কর্মচারীদের কাছে খোঁজ নিলেও তার ব্যবহার সম্পর্কে জানতে পারবেন।
তিনি বলেন, রোববার বিকেলে কিছু তথ্যের জন্য গিয়েছিলাম। কোনো ধরনের সহযোগিতা না করে বরং মৎস কর্মকর্তা রায়হান সাহেব অকারণে গালিগালাজসহ অশালীন আচরণ করেছেন।
তিনি একজন সরকারি কর্মকর্তা হয়েও বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব দেখান। তার অপেশাদার আচরণ, গালিগালাজসহ সব আমি মোবাইল ফোনে রেকর্ড করি।
তিনি আরও বলেন, মৎস কর্মকর্তা তার চেয়ার থেকে উঠে এসে আমার ফোন হাত থেকে কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। এসময় আমাকে মারধর করেন,
আমি নিজে বাঁচার চেষ্টা করি। ধস্তাধস্তির সময় তার নিজের হাতের ধাক্কায় কম্পিউটার নিচে পড়ে ভেঙে যায়।
তারা অফিসের বেশ কয়েকজন মিলে আমাকে মেরেছে। তখন অফিসে আমাকে মারধরের পর মামলা দেওয়ার হুমকি দিয়েছিলো। এখন শুনলাম আমার নামে মামলা করছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আমরা জানার পরই ঘটনাস্থল তাৎক্ষণিক পরিদর্শন করি।
এ ঘটনায় মৎস কর্মকর্তার এজাহারের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রজু হয়েছে। আসামি ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।


Leave a Reply