শহরের খালধার রোডের মাথায় ইলেট্রো শো’রুমের পশ্চিম পাশে বিটিসিএল এর ডিপি বক্স চুরি সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে পুলিশ আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, যশোরের চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের বর্তমানে যশোর শহরের বেজপাড়া আকবরের মোড় জনৈক রুস্তম ড্রাইভারের বাড়ির ভাড়াটিয়া পালক পিতা মৃত রবিউল মিস্ত্রীর ও পিতা মৃত মোশারফের ছেলে হাসেম আলী,শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার নাসির মোল্যার ছেলে শুকুর আলী ও শংকরপুর হারান কলোনীর মজিদ শেখ এর ছেলে ইউনুস।
গ্রেফতারকৃত ও তাদের সহযোগী অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় সোমবার দিবাগত গভীর রাতে মামলা হয়েছে। মামলাটি করেন, যশোরের মণিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত মোশারফ তরফদারের ছেলে যশোর শহরের মাইকপট্টি সংলগ্ন বিটিসিএল কোম্পানীতে কর্মরত মোদাচ্ছেদর হোসেন।
পুলিশ সংঘবদ্ধ চোরদের দখল হতে বিটিসিএল এর ক্যাবলের তামার তার উদ্ধার করেছে। চুরির সাথে জড়িত চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলায় বিটিসিএল এর কর্মচারী মোদাচ্ছের হোসেন উল্লেখ করেন, গত ৮ এপ্রিল শহরের খালধার রোডের মাথায় ইলেট্রো শো-রুমের পশ্চিম পাশে বিটিসিএল এর ডিপি বক্স থেকে গ্রাহকগণ তাদের টেলিফোনে কানেকশন না পাওয়ায় বিটিসিএল অফিসে যোগাযোগ করলে তৎক্ষণিক উক্ত স্থানে যেয়ে দেখেন ডিপি বক্সটি সেখানে নাই।
পাশে থাকা সিসিটিভি ফুটেজ দেখতে পান গত ৭ এপ্রিল রাত ৩ টা হতে ভোর ৫ মধ্যে অজ্ঞাতনামা চোরেরা রিক্সাযোগে ডিপি বক্সটি তুলে নিয়ে যায়। বিষয়টি কোতয়ালি থানায় অবহিত করলে থাকা পুলিশ বিষয়টি আমলে নিয়ে তদন্তে নামে।
পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে গত ৪ মে সোমবার উক্ত চোর চক্রের রিক্সা চালক হাসেম আলীকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাকী দু’জনকে আটক করে। এ সময় তাদের দখলে থাকা বিটিসিএল এর ক্যাবলের তামার তার উদ্ধার করে।

Leave a Reply