নাইট গার্ডের ডিউটি শেষ করে আর বাড়ি ফেরা হলো না রকিবুল ইসলামের। ঝিনাইদহ শহরে যাত্রীবাহী এক বাসের ধাক্কায় নিহত হয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মাদ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
রকিবুল ইসলাম শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে। তিনি শহরের ব্রাক ব্যাংকের নাইট গার্ডের চাকরি করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, প্রতিদিনের মতো রাতের ডিউটি শেষ করে সকালে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন রকিবুল। পথে ঝিনাইদহ ক্যাডেট কলেজের সামনে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহ অভিমুখে গড়াই পরিবহনের এক বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক রকিবুলকে মৃত ঘোষণা করে।
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Leave a Reply