যশোরে পৃথক দুইটি হামলার ঘটনায় এক ভ্যানচালকসহ দুই ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (১১ মার্চ) সকাল সোয়া নয়টার দিকে যশোর শহরের নিউমার্কেট বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানচালক মোহাম্মদ সাব্বির হোসেন (২৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন। তিনি মনিরামপুর উপজেলার রাজবাড়ীয়া গ্রামের হোসেন আলীর ছেলে।
জানা গেছে, সাব্বির হোসেন ব্যাটারিচালিত ভ্যান নিয়ে নিউমার্কেট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত তাকে ভ্যান নিয়ে দাঁড়াতে বলে। প্রথমে তিনি না দাঁড়ালেও পরে দাঁড়ালে তারা ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে তার শরীরে আঘাত করে।
এতে তার শরীরের পিছনের অংশে কাটা জখম হয়। পরে তিনি নিজেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এদিকে পূর্ব শত্রুতার জেরে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় নাহিদ (১৮) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তিনি তিরেরহাট গ্রামের শাহাবুদ্দিন বিশ্বাসের ছেলে।
অভিযোগ রয়েছে, মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে সবুজ (৩৫) ও শামীম (১৮)সহ অজ্ঞাত আরও ৩-৪ জন তাকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে গিয়ে হাতুড়ি দিয়ে মারধর করে। এতে তার ডান পায়ের হাড় ভেঙে যায়।পরে স্বজনরা বুধবার দুপুরে তাকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Leave a Reply