যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য ৫৫ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্তের মেইন পিলার ১৭/৭ এস এর আর পিলার ২২ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শার্শা উপজেলার দাদখালি ব্রিজের পশ্চিম ঢালে পাকা রাস্তার ওপর থেকে ১ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি বাইসাইকেলও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি ধারণা করছে, টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা মাদক ফেলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদক ও জব্দ করা বাইসাইকেল বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply