চাকরির প্রলোভনে জমি বিক্রির ১৪ লাখ টাকা আত্মসাৎ: যশোরে দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ।সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিবেশী এক ব্যক্তির কাছ থেকে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ছাতিয়ানতলা (ঘোপ) এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী মো. আশরাফ আলী (৪৯) প্রতিকার চেয়ে যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন যশোর কোতয়ালী থানার ঘোপ (ছাতিয়ানতলা) এলাকার রফিকুল ইসলাম (৫০) ও তার স্ত্রী লতা (৪৫)। তারা প্রতিবেশী হওয়ার সুবাদে ভুক্তভোগী আশরাফ আলীর সাথে সুসম্পর্ক গড়ে তোলেন।
আশরাফ আলীর ছেলে শান্তকে (১৯) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করেন রফিকুল ইসলাম। তিনি দাবি করেন, তার নিজস্ব লোকজন আছে এবং তিনি অনেককেই সরকারি চাকরি পাইয়ে দিয়েছেন। একপর্যায়ে ছেলের উন্নত ভবিষ্যতের আশায় আশরাফ আলী তার মালিকানাধীন ১৩ শতক জমি জাহাঙ্গীর নামক এক ব্যক্তির কাছে ১৫ লাখ ৬৫ হাজার টাকায় বিক্রি করেন।জমি বিক্রির সেই টাকা থেকে তিন মাস আগে সাক্ষীদের উপস্থিতিতে তিন ধাপে মোট ১৪, (চৌদ্দ লাখ) টাকা অভিযুক্ত দম্পতির হাতে তুলে দেন আশরাফ আলী।
শর্ত ছিল, তিন মাসের মধ্যে চাকরি না হলে তারা সম্পূর্ণ টাকা ফেরত দেবেন। কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়ার পর চাকরি দিতে ব্যর্থ হয়ে অভিযুক্তরা টালবাহানা শুরু করেন। পাওনা টাকা ফেরত চাইলে তারা বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা কর্ণপাত করেননি।
গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে ঘোপ মাঠপাড়া এলাকায় এ নিয়ে একটি সালিশি বৈঠক ডাকা হয়। এলাকাবাসী ও সাক্ষীরা উপস্থিত হলেও রফিকুল ও তার স্ত্রী সেখানে আসেননি। উল্টো তারা ভুক্তভোগীকে ভয়ভীতি ও হুমকি দেখাচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।নিঃস্ব হয়ে পড়া আশরাফ আলী বলেন, “আমি আমার শেষ সম্বলটুকু বিক্রি করে তাদের হাতে তুলে দিয়েছিলাম।
এখন আমি ও আমার পরিবার চরম আর্থিক ও মানসিক সংকটে আছি। টাকা ফেরত চাইলে তারা আমাকে হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার টাকা উদ্ধার ও এই প্রতারক চক্রের বিচার চাই।যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply