যশোরের বাঘারপাড়া উপজেলাতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব সেলিম রেজা। দীর্ঘ প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনের ত্যাগ, নির্যাতন ও সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
সেলিম রেজা বাঘারপাড়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক সভাপতি, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি এবং সাবেক পৌর যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বাঘারপাড়া চৌরাস্তা বাজার কমিটির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় উপস্থিতি ও সাংগঠনিক ভূমিকার কারণে তিনি এলাকাবাসীর কাছে সুপরিচিত মুখ।
১৯৯৬ সালে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করা সেলিম রেজা বলেন, তার জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের এক দীর্ঘ অধ্যায়। দলীয় প্রার্থীদের পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে গিয়ে তার বিরুদ্ধে ৩২টি মামলা দায়ের করা হয় বলে দাবি করেন তিনি। এছাড়া ২৩ বার কারাবরণ এবং পাঁচবার রিমান্ডে থাকার অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে একাধিকবার শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন বলেও জানান তিনি।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে একাধিকবার মারধরের শিকার হয়েছেন এবং পুলিশি নির্যাতনের ঘটনাও ঘটেছে। এমনকি দুইবার তার পা ভেঙে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। দীর্ঘ সময় পরিবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে, সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে না পারার বেদনার কথাও আবেগঘনভাবে তুলে ধরেন তিনি।
সেলিম রেজা আরও জানান, তার সহধর্মিণীকেও বিভিন্ন সময় লাঞ্ছনা ও হয়রানির মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ ১৭ বছর নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে না পারা, আত্মগোপনে থাকা এবং আতঙ্কের মধ্যে জীবনযাপন ,এসব কঠিন বাস্তবতার মধ্য দিয়েই কেটেছে তার জীবনের গুরুত্বপূর্ণ সময়।
বর্তমানে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, জীবনের এই পর্যায়ে এসে মানুষের সেবায় নিজেকে সম্পৃক্ত করতে চাই। দলমত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোই আমার লক্ষ্য।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে সেলিম রেজা বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই আমার একমাত্র শক্তি। বাঘারপাড়াবাসীর মতামত নিয়েই আগামীর পথচলা নির্ধারণ করতে চাই।
উপজেলা নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনীতিতে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে সেলিম রেজার প্রার্থিতা নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় দলীয় নেতা কর্মীরা।

Leave a Reply