চলো একসাথে গড়ি বাংলাদেশ এই প্রত্যয়কে সামনে রেখে যশোরের বাঘারপাড়া উপজেলা সদরে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৫টায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
গণমিছিলটি বাঘারপাড়া মহিলা কলেজ গেট থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলটি অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা জনস্রোতে পরিণত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মিছিল চলাকালে পুরো এলাকা স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে। শৃঙ্খলাবদ্ধ পদযাত্রা, শান্তিপূর্ণ পরিবেশ এবং স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি কর্মসূচিকে এক উৎসবমুখর আবহে রূপ দেয়।
গণমিছিল শেষে চৌরাস্তা এলাকায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমীর সরদার অধ্যাপক রফিকুল ইসলাম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ (৮৮) আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন,
বাংলাদেশ আজ নানা সংকটে জর্জরিত। দুর্নীতি, বৈষম্য ও অনিয়ম সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজব্যবস্থা। জামায়াতে ইসলামী সেই লক্ষ্যেই রাজনীতি করে।
তিনি আরও বলেন,রাষ্ট্র পরিচালনায় সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা করা না গেলে সাধারণ মানুষের অধিকার কখনোই নিশ্চিত হবে না।
আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে ন্যায্য অধিকার পাবে, শোষণ ও বৈষম্যের শিকার হবে না।
অধ্যাপক গোলাম রসুল আগামী নির্বাচনে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন,
এই দেশের পরিবর্তন জনগণের হাতেই। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস, এনসিপি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশগ্রহণ করেন।
ব্যাপক উপস্থিতি, শৃঙ্খলাবদ্ধ কর্মসূচি ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয় বলে আয়োজকরা জানান।






Leave a Reply