যশোরের বাঘারপাড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় বাঘারপাড়া মহিলা কলেজ মাঠে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন দেশে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
আমরা ক্ষমতার জন্য নয়, আল্লাহভীরু নেতৃত্বের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনে অংশ নিয়েছি।তিনি আরও বলেন বাঘারপাড়ার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সভাপতি বেলাল হোসাইনের সভাপতিত্ব করেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন হাতপাখা প্রতীক শান্তি, ন্যায় ও ইসলামী মূল্যবোধের প্রতীক। এই প্রতীকের বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।
সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাঘারপাড়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল করিম। তিনি বলেন বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। জনগণ এবার সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবে।
এছাড়াও বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাওলানা আবু তাহের, মাওলানা ওলিয়ার রহমান, মাওলানা মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সবাই হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভা শেষে হাতপাখা প্রতীকের একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply