যশোরের বাঘারপাড়া উপজেলায় প্রভাবশালীদের দাপটে এক পরিবারের পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকাশ্য দিবালোকে মূল্যবান গাছ কেটে নেওয়া, নারীকে মারধরের হুমকি ও পুলিশের নিষেধ অমান্য করে জমির সীমানা ভেঙে দখল নেওয়া হয়েছে। এ ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মোঃ সবুজ হোসেন বাঘারপাড়া গত থানায় দায়ের করা লিখিত অভিযোগে জানান, উত্তর শ্রীরামপুর গ্রামে তার মায়ের পৈত্রিক সূত্রে প্রাপ্ত প্রায় ৪ শতক জমিতে দীর্ঘদিন ধরে মেহগনি, জীবন ও দেবদারসহ বিভিন্ন মূল্যবান গাছ লাগানো ছিল। গত ১৪ জানুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে একই গ্রামের মোঃ মহিদুল ইসলাম মহিদুল, তানজিল ও নুরুল ইসলাম নুরু অবৈধভাবে জমিতে প্রবেশ করে একটি জীবন গাছ কেটে নেয়, যার বাজারমূল্য আনুমানিক ১৫ হাজার টাকা।
অভিযোগে আরও বলা হয়, গাছ কাটতে বাধা দিতে গেলে ভুক্তভোগীর খালা রাবেয়া খাতুনকে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং গাছের ডাল দিয়ে মারধর করতে উদ্যত হয়। প্রাণনাশের আশঙ্কায় তিনি ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। ঘটনাটি স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো থানায় অভিযোগ দায়ের ও পুলিশের সরেজমিন নিষেধাজ্ঞার পরও অভিযুক্তরা থেমে থাকেনি। ভুক্তভোগীর অভিযোগ, ১৭ জানুয়ারি অভিযুক্তরা জমির সীমানা আইল ভেঙে অন্যান্য গাছসহ পুরো জমি দখলে নেয় এবং তাকে খুন-জখমের হুমকি দিয়ে জমিতে প্রবেশে বাধা দিচ্ছে।
এ বিষয়ে বাঘারপাড়া থানার তদন্তকারী কর্মকর্তা এএসআই হাসিফুল ইসলাম জানান, তিনি উভয় পক্ষকে গাছ কাটতে নিষেধ করে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আগামী ২০ জানুয়ারি থানায় ডেকে সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছিল।
কিন্তু একটি পক্ষ পুলিশের কথা না শোনায় সমাধান সম্ভব হয়নি। তিনি বলেন, “বর্তমানে বিষয়টি আদালতের আওতাভুক্ত। আদালতের রায় অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা বারবার আইনের তোয়াক্কা না করে সাধারণ মানুষের সম্পত্তি দখল করছে। দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Leave a Reply