যশোর সদরের নরেন্দ্রপুর এলাকায় কোদালের আঘাতে মো.রেজোয়ান হোসেন (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রেজোয়ান হোসেন নরেন্দ্রপুর পূর্ব মাঠপাড়া এলাকার রমজান মোল্লার ছেলে। ঘটনার পর স্বজনেরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রেজোয়ানের বোন তাঁর প্রেমিক আলামিনের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় বুধবার বিকেলে রেজোয়ান হোসেন বোনকে পালিয়ে যেতে সহায়তাকারীর বিষয়ে খোঁজ নিতে যান।
এ সময় সহায়তাকারীর বাবা হাফিজুর বিশ্বাস (৪৬) রেজোয়ানের বাড়িতে প্রবেশ করে কোদাল দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।
পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এ বিষয়ে কোতোয়ালি থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আহতের স্বজনেরা।

Leave a Reply