দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক গুঞ্জন, আলোচনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে ৮৮ যশোর-৪ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চূড়ান্ত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক পেয়েছেন ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আনুষ্ঠানিক মনোনয়নপত্র গত ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে দলীয় প্যাডে ইস্যু করা হয়। আজ ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনসহ দেশের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের মাঝে ওই চিঠি বিতরণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য দলীয় সূত্রে জানা গেছে।
মনোনয়নপত্রে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ যশোর-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্য দিয়ে এই আসনে বিএনপির প্রার্থী নির্বাচন সংক্রান্ত সকল জল্পনা-কল্পনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটলো।
দলীয় ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন একজন সুপরিচিত, সুসংগঠিত ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম ও বিভিন্ন গণমুখী কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলীয় দুঃসময়ে মাঠে থেকে নেতৃত্ব দেওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি আস্থার প্রতীক হিসেবে বিবেচিত।
স্থানীয় বিএনপির একাধিক শীর্ষ নেতা জানান, যশোর-৪ আসনে প্রার্থী নির্ধারণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা আলোচনা চলছিল। অবশেষে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনকে মনোনয়ন দেওয়ায় দলীয় ঐক্য আরও সুদৃঢ় হবে এবং আসন্ন নির্বাচনে সাংগঠনিকভাবে দল শক্ত অবস্থানে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।
তিনি আরও বলেন, যশোর-৪ আসনের সাধারণ মানুষের অধিকার আদায়, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নেতাকর্মীদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে আসছেন এবং করবেন ,দলের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি মাঠে বাস্তবায়নে সক্রিয় থাকবেন।
এদিকে মনোনয়ন ঘোষণার পরপরই যশোর-৪ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলীয় কার্যালয় ও গুরুত্বপূর্ণ এলাকায় শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রার্থীর প্রতি সমর্থন জানানো হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনকে প্রার্থী করায় যশোর-৪ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে উল্লেখযোগ্য ও চ্যালেঞ্জপূর্ণ।
দলীয় সূত্র জানায়, শিগগিরই ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন নির্বাচনী মাঠে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন এবং গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেবেন।

Leave a Reply